ঢাকা-সিলেট মহাসড়কে যানজট, ৬ যানবাহনকে জরিমানা

৩ সপ্তাহ আগে
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নো পার্কিং জোনে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টির অভিযোগে বাস ও সিএনজিসহ ছয়টি যানবাহনের চালককে জরিমানা করা হয়।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব দুর্জয় মোড় এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। অভিযানে ভৈরব থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

 

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে নো পার্কিং জোনে বাস ও সিএনজি অটোরিকশা থামিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছিল। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ঈদযাত্রায় ঘরমুখো মানুষের মাঝে চরম দুর্ভোগ দেখা দেয়। পরে যানজট সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি সিএনজি ও ২টি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের বিশেষ নজরদারি

 

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রতিদিনের ন্যায় আজও সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়ক দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে কয়েকটি ফলের দোকানকে সতর্ক করা হয়েছে।’

 

জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন অমান্য করায় কয়েকটি সিএনজি, বাস ও অন্যান্য যানবাহনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও দুর্ভোগ কমাতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন