জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

৩ সপ্তাহ আগে
মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে আজ ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে।

শনিবার (২১ মার্চ) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে অংশ নিতে বাবা বা পরিবারের অন্য সদস্যদের হাত ধরে ছোট্ট শিশুদের উপস্থিতি বিশেষ নজর কাড়ে। এছাড়া প্রবীণ, নারীরা পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হয়ে ঈদ জামাতে অংশ নেন।

 

রাজধানীর অধিকাংশ পথের মোহনা এসে মিলিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। জামাত শুরু হওয়ার আগে ভেতরে জায়গা না পাওয়ায় অনেক মুসল্লি আশেপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে ঈদ জামাতের ইমাম সবার সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

 

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

 

এরপর মুসল্লিরা একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ছোট-বড় সবাই সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পারায় মুসল্লিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

 

এসময় তারা দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করেন, সব ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ সমাজ গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং নতুন সরকারের সফলতা কামনায় বিশেষ প্রার্থনা করেন।

 

জাতীয় ঈদগাহে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছিল। নারীদের জন্য রাখা হয়েছিল পৃথক পর্দার ব্যবস্থা।

 

অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকাল ৭টা প্রথম ও সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন