জঙ্গল সলিমপুরে ৩ হাজার সদস্যের যৌথ অভিযান, অস্ত্রসহ আটক ১২

২ দিন আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র মজুতের অভিযোগে যৌথ বাহিনীর বিশাল এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারসহ ১২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সীতাকুণ্ড মডেল থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় এই অভিযান শুরু হয়। দীর্ঘদিনের পাহাড় কাটা, প্লট বিক্রি ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল গুঁড়িয়ে দিতে দুর্গম এই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।

 

এই বিশাল অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৮৭ জন, জেলা পুলিশের ১৪৬ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৮০০ জন, আরআরএফ চট্টগ্রামের ৪০০ জন, ফেনী জেলা পুলিশের ১০০ জন, পার্বত্য জেলার ৩০০ জন, এপিবিএনের ৩৩০ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২২ জন এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৭১ জনসহ সর্বমোট ৩ হাজার ১৮৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন। এছাড়া ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

 

দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানটি কার্যকর ও নিরাপদভাবে পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগ করা হয়। এ সময় ৩টি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র‌্যাব ও সিএমপির ৩টি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করে সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ ও গোপন স্থাপনায় একযোগে তল্লাশি চালানো হয়।

 

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্যকে ঠেকাতে জঙ্গল সলিমপুরে ট্রাক, ভাঙা হলো কালর্ভাট

 

অভিযানকালে ১২ জনকে আটকের পাশাপাশি বিভিন্ন আস্তানা থেকে ২টি আগ্নেয়াস্ত্র (১টি পিস্তল ও ১টি এলজি), ৪টি কার্তুজ, ১১টি ককটেল (বিস্ফোরক), ১৭টি দেশীয় অস্ত্র, ১৯টি সিসি ক্যামেরা, ২টি ডিভিআর, ১টি পাওয়ার বক্স এবং ২টি বাইনোকুলার উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ জানায়, এসব সরঞ্জাম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। পুরো অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

 

অভিযান শেষে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন