‘ছিনতাইকারীর উৎপাত বেড়েছে’, ‘জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’

২ দিন আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

 

গণহত্যার ছক যুক্তরাষ্ট্রের - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরানের ত্রিমুখী যুদ্ধ এখন রূপ নিয়েছে জ্বালানিযুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চলছে পালটাপালটি হামলা। শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিকভাবেও একে-অপরকে কাবু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন-তেল আবিব-তেহরান। সোমবার যুদ্ধের দশম দিন যৌথ বাহিনীর হামলায় ইরানে যেমন আগুন জ্বলেছে, তেমনই পালটা হামলায় কেঁপে উঠেছে ইসরাইল, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং আমিরাতও।


 

 


এ অবস্থায় ইরানকে কাবু করতে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে গণহত্যার ছক কষছে যুক্তরাষ্ট্র। তারা সতর্ক করে বলেছে, সামরিক স্থাপনা রয়েছে এমন ঘনবসতিপূর্ণ এলাকা ‘আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হতে পারে।


যুদ্ধে লাগামহীন তেলের বাজার - দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম এটি।


প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পর গতকাল সোমবার এক দিনেই দাম বাড়ল ১৩ শতাংশ, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে দাম বেড়েছে ৩৮ শতাংশ। যুদ্ধ দীর্ঘায়িত হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


 

 


বিপিসি ও জ্বালানি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে যে দুটি জাহাজে ডিজেল এসেছে, সেটি বর্তমান বিশ্ববাজার দর হিসেবে প্রতি লিটার ডিজেলে খরচ পড়ছে প্রায় ১৪২ টাকা, কিন্তু বর্তমানে দেশে বিপিসি বিক্রি করছে প্রতি লিটার ১০০ টাকায়। দেশে প্রতি মাসে ১৫ জাহাজ তেল প্রয়োজন হয়। এখন যদি বিশ্ববাজারে তেলের দাম না কমে, তাহলে সেই হিসাবে মাসে বাড়তি খরচ পড়বে প্রায় দেড় হাজার কোটি টাকা। ফলে দেশে দাম সমন্বয় না হলে পুরোটাই সরকারকে ভর্তুকির মাধ্যমে পূরণ করতে হবে বলেও জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

বিশ্বজুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি - দৈনিক মানবজমিনের প্রধান খবর এটি।


প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেল অবকাঠামো এখন সরাসরি যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত কয়েকদিনে ইরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র একাধিক হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এরমধ্যেই ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের তেল শোধানাগারে হামলার পরই বিশ্ব তেল অর্থনীতিতে আগুন জ্বলে উঠেছে।


 

 


যদিও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়ে ভ্রূক্ষেপ করছেন না। তার ভাষ্য, তেলের বাজারের চলমান অস্থিরতা দীর্ঘমেয়াদি হবে না। তবে বিশ্লেকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও কিছুদিন স্থায়ী হলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে। এ ছাড়া ইরানে হামলার জেরে বিশ্ব তেল শিল্পের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান। এতে যেই অচলাবস্থা তৈরি হয়েছে তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি-সংকট তৈরি করতে পারে। আরেকটি উদ্বেগের বিষয় হলো- ক্রমাগত হামলার জেরে উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। কাতার, কুয়েত ও সৌদি আরব সতর্ক করেছে তাদের তেল স্থাপনায় হামলা অব্যাহত থাকলে তেল উৎপাদন তলানিতে পৌঁছাবে।

 

মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরও বাড়তে পারে - দৈনিক বণিকবার্তার প্রথম পাতার খবর এটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পণ্য আমদানিতে চীনের পর দ্বিতীয় বৃহৎ উৎস প্রতিবেশী দেশ ভারত। দেশটি থেকে তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎসহ আরও বেশকিছু সেবা আমদানি করে বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।


 

 


জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ বাংলাদেশে আসছে পাঁচ হাজার টন ডিজেল। বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে করে এ ডিজেল বাংলাদেশে পৌঁছনোর কথা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা - দৈনিক সমকালের প্রথম পাতার সংবাদ এটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ছয় দেশের অন্তত ৭০ জনের সংশ্লিষ্টতা বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ কমপক্ষে ১০ জন কর্মকর্তা আছেন। বাকিরা বিদেশি নাগরিক।

 

 

 

আন্তঃরাষ্ট্রীয় এ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশিদের চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা। তারা বাংলাদেশেও একটি ছায়া তদন্ত করেছিল। সম্প্রতি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে দেশটি ৪০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

 

জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর - দৈনিক প্রথম আলোর প্রধান খবর এটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কারাবন্দী একজন সাবেক রাজনীতিবিদকে জামিনে মুক্তি পাইয়ে দেয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী)। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ।


 

 


রেকর্ডিংগুলোতে চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজনের কথোপকথন রয়েছে। এই প্রসিকিউটরের নাম মো. সাইমুম রেজা তালুকদার। জামিনের বিষয়ে তিনি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো যাচাই করে দেখেছে।

 

ছিনতাইকারীর উৎপাত বেড়েছে - দৈনিক কালের কণ্ঠের শেষ পাতার খবর এটি। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালক ও এক পুলিশ সদস্যও ছিনতাইয়ের শিকার হয়েছেন। পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর সারা দেশে ছিনতাইসহ দস্যুতার ঘটনায় প্রায় দুই হাজার মামলা হয়েছে।


 

 


অভিযোগ রয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ৩০৮টি অভিযোগ দেয়া হয়।


শাহবাগে নীরব চাঁদাবাজি, টাকা না দিলে গুপ্ত হামলা, অপহরণ - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।


প্রতিবেদনে বলা হয়েছে,  ‘আমি এত বছর রাজনীতি করছি। এখন কি আমি না খেয়ে থাকব? ভাই, আমি এখন শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি। মনে করেন আমি পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেলে সবার কাছ থেকেই করতে হয়।‘- কথাগুলো বলছিলেন রাজধানীর শাহবাগে ওষুধের ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠা তাসকিন গাজী। কোনো পদ না থাকলেও তিনি নিজেকে ছাত্রদল বা বিএনপির নেতা পরিচয় দেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর এমন শাহবাগকেন্দ্রিক আরও কয়েকটি চরিত্র সামনে এসেছে। যারা একাধিক চক্র গড়ে তুলে এই এলাকায় ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ ও ‘নীরব চাঁদাবাজি’ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।


 

 

 

ভুক্তভোগীদের অভিযোগ, এসব চক্র ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ও মাসিক ভিত্তিতে নির্দিষ্ট হারে টাকা নিচ্ছে। চাঁদার টাকা না পেয়ে দোকানকর্মীকে হুমকি, তুলে নিয়ে অর্থ আদায়, এমনকি গুপ্ত হামলা করে লুটপাটের ঘটনাও ঘটেছে। এ ছাড়া অ্যাম্বুলেন্স, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ, ফুটপাতের হকার ও ফুলের মার্কেটকেন্দ্রিক আলাদা চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন