চোরকে দিয়ে ১ কিলোমিটার সড়ক ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী

১ সপ্তাহে আগে
সচরাচর চুরির ঘটনায় চোর ধরা পড়লে গণপিটুনি দেয়া হয় কিংবা পুলিশের হাতে তুলে দেন সাধারণ মানুষ। তবে এবার সাইকেল চুরির অপরাধে ধরা পড়ার পর এক যুবককে অভিনব শাস্তি দিয়েছেন এলাকাবাসী। মারধর বা পুলিশের হাতে না দিয়ে ওই যুবককে দিয়ে প্রায় এক কিলোমিটার সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করানো হয়েছে। চোরও নিজের ভুল স্বীকার করে সেই শাস্তি মেনে নিয়ে রাস্তা পরিষ্কার করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিনব এ শাস্তি পাওয়া যুবকের নাম মাসুদ (৩০)। তিনি একই উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার এনামুলের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মন্দিরপাড়া এলাকার মাছ বাজার থেকে একটি সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন মাসুদ। এ সময় সাইকেলের মালিক দ্রুত দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে আটকে রাখেন। এ সময় অনেকেই তাকে মারধর করা বা পুলিশের হাতে তুলে দেয়ার পরামর্শ দেন। কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসী তাকে এক ভিন্নধর্মী শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেন। শাস্তি হিসেবে তাকে এলাকার প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার অংশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বলা হয়।

 

মারধরের বদলে এমন ব্যতিক্রমী শাস্তির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। অনেকেই এলাকাবাসীর এ উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অপরাধীকে মারধর করে আহত করলে বা পুলিশের হাতে তুলে দিলে সে একাই শাস্তি পায় না, তার পরিবারও ভুক্তভোগী হয়। যেহেতু যুবকটি স্বীকার করেছে এটি তার প্রথম চুরি, তাই এই অভিনব শাস্তির মাধ্যমে তার যদি শিক্ষা হয়, তবে তা সমাজের জন্য বেশ ভালো হবে।’

 

আরও পড়ুন: ঠাকুরগাঁওসহ চার জেলায় নতুন ডিসি নিয়োগ

 

আরেক বাসিন্দা বলেন, ‘অনেকেই তাকে মারধর করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাদের প্রতিহত করেছি। এলাকার রাস্তাটা বেশ ময়লা ছিল। পৌরসভা ঠিকমতো ঝাড়ু দেয় না। তাই আমরা ভাবলাম, খারাপ কাজের শাস্তি হিসেবে তাকে দিয়ে অন্তত একটা ভালো কাজ করানো যাক।’

 

পেশায় ট্রাকের হেলপার মাসুদ জানান, এটিই তার জীবনের প্রথম চুরি। তিনি অনলাইন জুয়ায় নগদ এক হাজার ৫০০ টাকা এবং নিজের মোবাইল ফোন বিক্রি করে আরও দুই হাজার ৬০০ টাকা হেরে যান। পরিবারের হাতে তুলে দেয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না। তা ছাড়া নিজের ব্যবহারের জন্য একটি মোবাইলও খুব দরকার ছিল। কোনো উপায় না পেয়ে তিনি সাইকেল চুরির পথে পা বাড়ান। তবে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে রাস্তা পরিষ্কার করার শাস্তি দেয়ায় তিনি খুশি। ভবিষ্যতে আর কখনো চুরির সঙ্গে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন