চেক-আউটের কথা ছিল আজ, হোটেল কক্ষে যুবকের রহস্যজনক মৃত্যু!

২ সপ্তাহ আগে
রাজধানীর বড় মগবাজারের একটি আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে ‘তিন তাঁরা’ নামক হোটেলের ২২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
 

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকার বাসিন্দা ফয়সাল গনি গত ৮ মার্চ এই হোটেলে কক্ষ ভাড়া নেন। নিয়ম অনুযায়ী আজ মঙ্গলবার তার রুম ছেড়ে দেয়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল বয় তাকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি।
 

দীর্ঘক্ষণ ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি করার পরও দরজা না খোলায় কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে হাতিরঝিল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ফয়সালের নিথর দেহ উদ্ধার করে।
 

আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্টজনিত কোনো শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হতে পারে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ফয়সালের বাবার নাম মো. ওসমান গনি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই ফয়সালের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে জানান ওসি গোলাম মর্তুজা।

]]>
সম্পূর্ণ পড়ুন