চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত সেই জামায়াত আমিরের মৃত্যু

১ দিন আগে
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত হাফেজ মাওলানা মফিজুর রহমান (৪২) নামে এক জামায়াত নেতা মারা গেছেন। তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষে জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) মারা যান। এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। নিহত দুজনই জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর পূর্ব থেকে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন।


আরও পড়ুন: কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ ৩ ভাই-বোন নিহত


সংঘর্ষে জামায়াতের আহতরা হলেন: সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান (৪০) ও তার ভাই হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০) ও হাপু। তাদের মধ্যে মফিজুর রহমান, হাফিজুর রহমান ও হাপুকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় পাঠানো হয়।


অপরদিকে, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন ও তার ছেলে মেহেদীও আহত হন।


আরও পড়ুন: রাজশাহীতে ‘ইমাম নিয়োগ নিয়ে’ সংঘর্ষে জামায়াত কর্মী নিহত


পরে ঢাকায় নেয়ার পথে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) ২৮ ফেব্রুয়ারি রাত ১টার দিকে মারা যায়। ইউনিয়ন আমির মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।


এ বিষয়ে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ উদ্দিন জোয়ার্দার জানান, আহত বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পথে হাফিজুর রহমান মারা যান। বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানকে ঢাকা অরোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১০ দিন চিকিৎসাধীন থেকে মফিজুর রহমানের মৃত্যু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন