ক্যালিফোর্নিয়ায় দুই ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ বিল উত্থাপন

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করতে উত্থাপন করা হয়েছে একটি বিশেষ বিল। অঙ্গরাজ্যটির আইনপ্রণেতা ম্যাট হ্যানি সম্প্রতি এ প্রস্তাব উত্থাপনের ঘোষণা দেন। বিলটি পাস হলে ক্যালিফোর্নিয়ায় দুই ঈদের দিন আনুষ্ঠানিক সরকারি ছুটির স্বীকৃতি পাবে।

যুক্তরাষ্ট্রে বড়দিনের মতো প্রধান ধর্মীয় উৎসবে সরকারি ছুটি থাকলেও মুসলমানদের দুই বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে একই মর্যাদায় স্বীকৃতি দেয়ার দাবি দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রায় পাঁচ লাখের বেশি মুসলিম মার্কিনদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দুই ঈদকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

এ লক্ষ্যে ডেমোক্র্যাটিক পার্টির অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘এবি ২০১৭’ নামে একটি বিশেষ বিল উত্থাপন করেছেন।

 

প্রস্তাবিত বিলটি পাস হলে ক্যালিফোর্নিয়ার সব সরকারি স্কুল ও কমিউনিটি কলেজে বছরে দুই দিন ঈদের ছুটি থাকবে। পাশাপাশি সরকারি কর্মচারীরাও তাদের অর্জিত বা ব্যক্তিগত ছুটির বিনিময়ে ঈদের দিনগুলোতে ছুটি ভোগ করতে পারবেন বলে বিলে উল্লেখ করা হয়েছে। 

 

আরও পড়ুন: সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এরমধ্যেই ঈদ উপলক্ষে আংশিক বা সীমিত পরিসরে ছুটির ব্যবস্থা চালু রয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে বছরে দুই ঈদের দিন ছুটি কার্যকর রয়েছে। ২০১৫ সালে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিল পাস হয়। যদিও সেদিন স্কুল খোলা থাকে, তবে মুসলিম শিক্ষার্থীদের জন্য উপস্থিতি বাধ্যতামূলক নয়।

 

নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে দুই ঈদকে সাধারণ ছুটি ঘোষণার দাবি এখনও অব্যাহত আছে এবং বেশ কয়েকজন সিনেটর ও অ্যাসেম্বলি সদস্য এ দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন।

 

এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোতে ছুটি চালু রয়েছে। আর ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ডাক বিভাগ দুই ঈদ স্মরণে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করে, যা দেশটিতে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ও স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন