কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ

১ দিন আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ সহজ করতে বিকল্প উদ্যোগ নিয়েছে জাজিরা এয়ারওয়েজ। বিমান সংস্থাটি জানিয়েছে, কুয়েত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর শিগগিরই সৌদি আরবের কাইসুমাহ–হাফার আল-বাতিন আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

বিমান সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় কুয়েতের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

 

কুয়েত থেকে সড়কপথে প্রায় আড়াই ঘণ্টার দূরত্বে অবস্থিত কাইসুমাহ বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। একইভাবে, বিদেশ থেকে আগত যাত্রীরাও ওই বিমানবন্দরে অবতরণের পর বাসযোগে কুয়েতে পৌঁছাতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর বিষয়েও বাস অপারেটরদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

 

বিমান সংস্থাটি জানিয়েছে, কুয়েত থেকে যাত্রীরা প্রথমে স্থলপথে কাইসুমাহ বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটে বোর্ডিং করবেন। বৈধ কুয়েত রেসিডেন্সি থাকা যাত্রীদের সীমান্তে সৌদি আরবের ট্রানজিট ভিসা দেয়া হবে। তবে কুয়েত ভিজিট ভিসাধারী যাত্রীদের সৌদি আরবের মধ্য দিয়ে ভ্রমণের জন্য আগে থেকেই বৈধ সৌদি আরবের ভিসা নিতে হবে। 

 

আরও পড়ুন: প্রবাসী শ্রমিক ও ভিজিট ভিসাধারীদের সুখবর দিলো কুয়েত সরকার

 

মঙ্গলবার (১০ মার্চ) ফ্লাইট জে৯-৭২১ কুয়েত সময় রাত ১০টা ৪৫ মিনিটে কাইসুমা বিমানবন্দর থেকে আলেকজান্দ্রিয়া উদ্যেশ্যে প্রথম যাত্রা করবে। যাত্রীদের চেক-ইনের জন্য কুয়েতের পার্ক অ্যান্ড ফ্লাইয়ে স্থাপিত ডেস্ক দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে।

 

আলেকজান্দ্রিয়া থেকে কাইসুমাহ রুটে একটি ফিরতি ফ্লাইট বুধবার (১১ মার্চ) ভোর ৩টা ১৫ মিনিটে পরিচালিত হবে। কাইসুমাহে অবতরণের পর যাত্রীরা বাসযোগে কুয়েতে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীদের বৈধ কুয়েত রেসিডেন্সি অথবা কুয়েত ভিজিট ভিসা থাকতে হবে।

 

বিমান সংস্থাটি আরও জানিয়েছে, শিগগিরই এ রুটে আরও ফ্লাইটের ঘোষণা দেয়া হবে। যাত্রীরা জাজিরা এয়ারওয়েজ-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বর্তমান পরিস্থিতিতে কুয়েত থেকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন