মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শঙ্খচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।
গ্রেফতার হওয়া মো. হেলাল কুমিল্লার বুড়িচং থানার কালকাপুর ডাকঘরের কোদালিয়া গ্রামের মো. নুরুল ইসলাম ও রোকেয়া বেগমের ছেলে। তিনি ওই রেলক্রসিংয়ে গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং দুর্ঘটনার পর দায়ের করা মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি।
প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় অর্থাৎ রাত ৩টা ১০ মিনিটে হেলালের ডিউটি ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। কাউকে কিছু না জানিয়ে এবং বিকল্প কাউকে দায়িত্ব না দিয়েই তিনি কর্মস্থল থেকে চলে যান। তার এই চরম অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গ্রেফতারের পর হেলাল নিজেই তার অনুপস্থিতির কথা অকপটে স্বীকার করেছেন।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
এই ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে র্যাব। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া গ্রেফতার আসামিকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গত শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি মেইল ট্রেন রেলক্রসিংয়ে উঠে পড়া ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ১২ জন নিহত ও অন্তত ২৫ জন গুরুতর আহত হন। ব্যারিকেড খোলা থাকায় বাসচালক ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে লাইন পার হওয়ার চেষ্টা করেছিলেন।
নিহতদের মধ্যে একই পরিবারের মা ও দুই শিশুসন্তানসহ কয়েকজনের পরিচয় শনাক্ত হওয়ার পর সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। দুর্ঘটনায় নিহত এক বাসযাত্রীর খালা শেফালী আক্তার বাদী হয়ে গেটম্যান হেলাল ও ওয়েম্যান মেহেদী হাসানের নাম উল্লেখ করে এই মামলাটি করেন। নিহতদের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
]]>
৮ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·