শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শাকিল মিয়া ব্যবসায়িক কাজে কচুয়া বাজারে যান। রাত ৮টার দিকে তিনি নিজ এলাকা দোয়াটি বিলে তার মাছের প্রকল্প দেখতে যান। প্রকল্প থেকে ফেরার পথে দোয়াটি বড় ব্রিজ সংলগ্ন বিকাশ সাহার পোলট্রি খামারের পাশে তাকে গতিরোধ করা হয়।
অভিযোগ উঠেছে, স্থানীয় বাসিন্দা বিকাশ সাহা, তার কর্মচারী সোহরাব হোসেনসহ আরও অন্তত সাতজন চুরির অপবাদ দিয়ে শাকিল মিয়াকে কাঁচা রাস্তার পাশে নিয়ে নির্মমভাবে মারধর করেন। পিটিয়ে তার হাত-পা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয়। একপর্যায়ে তার অবস্থা সংকটাপন্ন হলে হামলাকারীরাই জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাকিল মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, 'মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·