‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’, সংবাদটি ভিত্তিহীন দাবি

১ দিন আগে
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে আট কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এমন তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।  

 

এতে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত ‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। প্রকৃত তথ্য হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদফতরের অধীনে বাস্তবায়নাধীন পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় হিটিং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ডানহাম-বুশ থেকে সরবরাহ করা হবে।

 

এ লক্ষ্যে এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গণপূর্ত অধিদফতরের চুক্তি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে যে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি ডানহাম-বুশ ইন্ডাস্ট্রিজের ডানহাম-বুশ ইউএসএ একটি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই প্রশিক্ষণটি এইচভিএসি সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা বিষয় নিয়ে। এটি আমাদের মূল্যবান অংশীদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সহযোগিতা করার চলমান প্রতিশ্রুতির অংশ।’

 

এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ৮ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। বিদেশে যাওয়ার জন্য এই সরকারি আদেশটি অন্তর্বর্তী সরকারের সময় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়। বিষয়োক্ত প্রশিক্ষণের মাধ্যমে আহরিত জ্ঞান পরবর্তীতে মাঠ পর্যায়ে রক্ষণাবেক্ষণ কাজে সহায়ক হবে।

 

প্রশিক্ষণের ব্যয়ভার যুক্তরাষ্ট্রের ডানহাম-বুশ বহন করবে বিধায় বাংলাদেশ সরকারের কিংবা চুক্তিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের এতে আর্থিক সংশ্লেষ নেই।

 

আরও পড়ুন: রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ থেকে বাসভবনে আগুন, দগ্ধ ৩

 

যেসব মালামাল বা যন্ত্রাংশ সরবরাহ করা হবে সেসব যন্ত্রাংশের ওপর বিশেষ ধরনের প্রশিক্ষণ অর্থাৎ সেফটি ফ্যাসিলিটিস, অপারেশন অ্যান্ড মেইনটেন্যন্স ম্যানেজমন্টে বিষয়ে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভাগাভাগির মাধ্যমে গণপূর্ত অধিদফতর উপকৃত হবে এবং সরবরাহকৃত মেশিন বা যন্ত্রাংশ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে।  

 

প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। বিবেচ্য হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে পূর্ত কাজ বাস্তবায়ন শেষ পর্যায়ে। এইছভিএসি সিস্টেম সরবরাহ করা হলে হাসপাতালের পূর্ণঙ্গতা পাবে। সার্বিকভাবে প্রকল্পের কাজ সমাপ্ত হলে জনগণ আধুনিক সেবা পাবেন।  

 

এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন