এখনই ইংল্যান্ডের হয়ে নিজের শেষ দেখছেন না বাটলার

৩ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও ইংল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে আশাবাদী জস বাটলার। বাজে ফর্মের হতাশা কাটিয়ে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার দৃঢ় ইচ্ছার কথা জানালেন সাবেক এই অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি বাটলার। তবে সেই হতাশা তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দেয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হারের ম্যাচটি যে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নয়, এমনটাই আশা করছেন বাটলার। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, আগামী জুলাইয়ে সাদা বলের সিরিজে তার দলে জায়গা পাওয়া নিশ্চিত নয়।

 

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকাননি তিনি। আট ইনিংসে মাত্র ৮৭ রান, একজন অভিজ্ঞ ব্যাটারের জন্য যা নিঃসন্দেহে হতাশাজনক। সবশেষ চারটি আইসিসি টুর্নামেন্ট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক।

 

তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না বাটলার। নিজের পডকাস্টে তিনি বলেন, ‘আমি আশা করি আবার সুযোগ পাব। এটা ঠিক, টুর্নামেন্টটা আমার জন্য ভালো যায়নি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমি আমার ক্যারিয়ারের সেরা ক্রিকেট খেলেছি। তাই আবার সেরা ছন্দে ফিরতে পারব বলে বিশ্বাস করি।’

 

আরও পড়ুন: অ্যাশেজ থেকে নিজের বাদ পড়াকে সঠিক মনে করছেন ওলি পোপ

 

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচনের বিষয়ে নিজের প্রভাব নেই বলেও জানান তিনি। এ ব্যাটার বলেন, ‘আমি এখন আর অধিনায়ক নই, নির্বাচকও নই। তাই কী হবে, সেটা সময়ই বলবে।’

 

বিশ্বকাপের পর নিজেকে মানসিকভাবে সতেজ করতে পরিবারের সঙ্গে ফ্রান্সে সময় কাটিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেট থেকে দূরে কাটানো সেই সময়টাকে ‘একদম প্রয়োজনীয় বিরতি’ হিসেবে দেখছেন তিনি।

 

বাটলার বলেন, ‘ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকতে পেরেছিলাম, যা আমার জন্য দরকার ছিল। এখন ধীরে ধীরে আবার ভাবছি, কোথায় ভুল হয়েছে, কীভাবে উন্নতি করা যায়।’

 

নিজের ব্যর্থতার নির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও তিনি মনে করেন, সব সময় কঠোর পরিশ্রমের পরও ফল নাও আসতে পারে, এটাও মেনে নিতে হয়।

 

এদিকে দলের ম্যানেজমেন্ট নিয়েও চলা সমালোচনার জবাব দিয়েছেন বাটলার। কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও নেতৃত্বে থাকা হ্যারি ব্রুকের প্রশংসা করে তিনি বলেন, ‘দলে দারুণ পরিবেশ ছিল।’

 

প্রতিপক্ষ ভারতকেও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। বাটলারের মতে, ‘তারা দারুণ দল এবং শিরোপার যোগ্য দাবিদার।’

 

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতির বোলার থাকা বাড়তি সুবিধা: আশরাফুল

 

বাটলারের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির এখনও প্রায় ১৮ মাস বাকি রয়েছে। এই সময়ের মধ্যে আবারও জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি।

 

আগামী জুলাইয়ে ঘরের মাঠে ভারতকে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচে আতিথেয়তা দেবে ইংল্যান্ড। সাদা বলের এ সিরিজে দলে ফেরার ব্যাপারে আশাবাদী বাটলার। তার আগে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল মাতানোর অপেক্ষায় রয়েছেন এ ইংলিশ ব্যাটার।

]]>
সম্পূর্ণ পড়ুন