‘একীভূতই থাকছে পাঁচ ব্যাংক’, ‘দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার’

১ সপ্তাহে আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

 

জ্বালানি দুর্ভোগের মূলে মজুতদারি - দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, বৈশ্বিক জ্বালানিসংকট তত গভীর হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। এক মাস ধরে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, তা দিন দিন বাড়ছে। সরকার বারবার পর্যাপ্ত মজুদ থাকার আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন।


 

 


দেশের বিভিন্ন প্রান্তে পেট্রল পাম্পগুলোয় দেখা যাচ্ছে তেলসংকট, দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতির মূল কারণ সরাসরি সরবরাহ ঘাটতি নয়; বরং অসাধু ব্যবসায়ী ও ব্যক্তিদের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টি। বাজারে তেলের সরবরাহ থাকলেও তা সঠিকভাবে বিতরণ না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কালোবাজারি।


সংসদের উত্তাপ রাজপথে - দৈনিক যুগান্তরের প্রধান সংবাদ এটি।


প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোট।

 

 


তারা বলছে, সংবিধান সংস্কারে দেশের জনগণ জুলাই আদেশ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকারি দল বিএনপি সংবিধান সংস্কার না করে তাদের পছন্দমতো কিছু বিষয় সংশোধনের উদ্যোগ নিয়েছে। এটি জনরায়কে উপেক্ষা করা। এ কারণে ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি দিতে ৭ এপ্রিল বিরোধী জোটের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠক থেকে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।


কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ - দৈনিক প্রথম আলোর প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই দুটিসহ চারটি অধ্যাদেশ বাতিল করতে (রহিত) সংসদে বিল আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।


 

 


এ ছাড়া গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ, গুম প্রতিরোধে করা অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। এগুলোর ক্ষেত্রে পরবর্তী সময়ে যাচাই–বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এটি হলে এ অধ্যাদেশগুলো বাতিল হিসেবে গণ্য হবে। ১০ এপ্রিলের পর এগুলো কার্যকারিতা হারাবে। সব মিলিয়ে মোট ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে।


একীভূতই থাকছে পাঁচ ব্যাংক - দৈনিক সমকালের প্রথম পাতার খবর এটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ সংশোধন করে জাতীয় সংসদে বিল উত্থাপনের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার কাজ করে আগামী রোববারের মধ্যে সংশোধনী প্রস্তাব সরকারকে দিতে বলা হয়েছে।


 

 


অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেয়া হলেও পাঁচ ব্যাংক একীভূত অবস্থাতেই থাকছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় আরও কয়েকটি ব্যাংক একীভূত বা অবসায়ন করা, যে উদ্যোগ নেয়া হয়েছিল, আদৌ তা হবে কিনা- আইন সংশোধনের পর সেটি বোঝা যাবে বলে জানা গেছে।

 

দুই জাহাজই খেয়ে নিলো দশ মিলিয়ন ডলার - দৈনিক মানবজমিনের প্রথম পাতার খবর এটি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সময়টা অন্তর্বর্তী সরকারের। দেশে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে ৭৬.৬৯ মিলিয়ন ডলার ব্যয়ে চীন থেকে দু’টি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনে সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি’র মাধ্যমে কেনা ৬৩ হাজার ৬৫০ টনের জাহাজ দু’টি এরই মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়েছে। তবে জাহাজ দুইটির মানদণ্ড, টেন্ডার প্রক্রিয়া ও ক্রয়মূল্যে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।


 

 


চীন থেকে কেনা এক্সএলসি লায়ন ও জেমিনি বাল্ক ক্যারিয়ার দু’টি মূলত কয়লা, আকরিক লোহা, খাদ্যশস্য, সিমেন্ট, সার, বালু, পাথর বহন করতে সক্ষম। এই ধরনের একটি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ারের আন্তর্জাতিক দাম প্রায় ৩৩ মিলিয়ন ডলার। তবে বাংলাদেশ শিপিং করপোরেশন প্রতিটি জাহাজের ক্রয়মূল্য দেখিয়েছে ৩৮.৩৪ মিলিয়ন ডলার।

 

হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া! - দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মহাখালীতে অবস্থিত দেশের প্রাচীনতম সংক্রামক ব্যাধি হাসপাতালটি নিজেই ‘সংক্রামক ব্যাধিতে’ আক্রান্ত। জানা গেছে, সাততলা ভবনে ১০০ বেডের এই হাসপাতালের নামে ৩৩ একর জমি বরাদ্দ রয়েছে। কিন্তু অবৈধ দখল হতে হতে বর্তমানে মাত্র তিন একর জায়গা হাসপাতালের দখলে রয়েছে। তারপরও দখল বন্ধ হয়নি।


 

 


হাসপাতাল অভ্যন্তরে গড়ে উঠেছে বস্তি, রিকশা গ্যারেজ, হোটেলসহ বিভিন্ন দোকানপাট। পরিবেশও নোংরা ও অস্বাস্থ্যকর। সকাল-সন্ধ্যা ছেলেমেয়েরা খেলাধুলা করে। দিনভর চলে  ইয়াবাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা ও সেবন।  এই অবস্থার মধ্যেই সংক্রামক নানা রোগের চিকিত্সা দিচ্ছেন হাসপাতালের চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন