ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কাউট সদস্যরা

৩ সপ্তাহ আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে নেমেছেন বাংলাদেশ রোভার স্কাউটের সদস্যরা। যানবাহনের অতিরিক্ত চাপেও সড়ক সুশৃঙ্খল রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন তারা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের ময়নামতি থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় রোভার স্কাউট সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। একই সঙ্গে তাদের মাঝে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।

 

কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের তথ্য অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় মহাসড়কে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে রোভার স্কাউট সদস্যরা কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ আটটি যানজটপ্রবণ এলাকায় কাজ করবেন। এলাকাগুলো হলো- দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সোনাগাজী ও চৌদ্দগ্রাম।

 

আরও পড়ুন: ঈদযাত্রায় মানুষ আনন্দিত, নেই বাড়তি ভাড়া বা যানজট: সড়ক পরিবহন মন্ত্রী

 

কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘বাংলাদেশ স্কাউটস সবসময় দেশের প্রয়োজনে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন। এ লক্ষ্যে জেলা হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে তাদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের এবং কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

]]>
সম্পূর্ণ পড়ুন