ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত

৩ সপ্তাহ আগে
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইল জানিয়েছে, গতরাতে চালানো হামলায় জেনারেল নাঈনি নিহত হন। এদিকে ইরানের মেহর নিউজের বরাতে তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাঈনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

 

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নাঈনি বলেছিলেন, এ লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’

 

ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় এরই মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন নিরাপত্তাপ্রধান আলি লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব। এই তিনজনকে গত সপ্তাহে হত্যা করা হয়।

 

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব / মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান নির্ভর করছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার ওপর

 

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিরোধ লড়াইয়ের মধ্যদিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়ে। আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।

 

আজ শুক্রবার (২০ মার্চ) এই সংঘাত ২১তম দিনে গড়িয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি-মার্কিনি হামলায় ইরানে মোট মৃতের সংখ্যা ১ হাজর ৪৪৪ জন ছাড়িয়েছে। এর মধ্যে  অন্তত ২০৪ জন শিশু। এদিকে লেবাননে ইসরাইলি হামলায় ১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন