আসামিকে খালাসের বিনিময়ে কোটি টাকা দাবির অভিযোগ, যা বললেন সাইমুম রেজা

২ দিন আগে
আসামিকে খালাসের বিনিময়ে কোটি টাকা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।


সাইমুম রেজা বলেন, আমার বিরুদ্ধে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ঘটনায় একটি অভিযোগ এসেছে। অভিযোগটি এরকম যে একজন আসামিকে খালাস করিয়ে দেয়ার বিনিময়ে নারীর সাথে কথোপকথনের দুইটি অডিও ক্লিপ, যেখানে আমি নাকি ১ কোটি টাকা দাবি করেছি, ১০ লাখ টাকা অগ্রিম চেয়েছি। এই দাবি ভিত্তিহীন ও অসত্য। এমন কিছু কখনও ঘটেনি, আমিও কারও থেকে উপরোক্ত কিছু চাইনি।


তিনি বলেন, এক একটা মামলা কয়েকজন প্রসিকিউটরের সমন্বয়ে গঠিত টিমের অধীনে থাকে। তদন্ত সংস্থার তদন্তের পরিপ্রেক্ষিতে এবং চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টাইনের সহায়তায় কয়েকটি স্তর পার করে মামলার নথি প্রস্তুত করা হয়। আদালতে উভয়পক্ষের শুনানি, সাক্ষ্য ও যুক্তি তর্ক শুনে আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের অর্ডার ও রায় প্রদান করেন। তাই একজন প্রসিকিউটরের পক্ষে কখনও একটি মামলায় কাউকে কোনো বিশেষ সুবিধা পাইয়ে দেয়া সম্ভব নয়।

 

আরও পড়ুন: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নিয়োগ পেলেন দুজন


পদত্যাগের বিষয়ে সাইমুম রেজা বলেন, আমি অনেকদিন ধরেই আমার প্রাক্তন কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ফেরার জন্য চিন্তা করছিলাম। আমি আবার গবেষণা ও লেখালেখিতে মনোনিবেশ করতে আগ্রহী এবং আমার পরিবারকেও আরও বেশি সময় দিতে চাই। তাই পূর্বের কর্মক্ষেত্রে ফিরলাম। নতুন সরকারের অধীনে নতুন চিফ প্রসিকিউটরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পূর্বের ন্যায় বিচারের ধারা অক্ষুণ্ন রেখে ন্যায়বিচার নিশ্চিত করে যাবে। তাই এখন ভালো সময় আমার পূর্বের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার।


উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার।


সোমবার (৯ মার্চ)  আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।


এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সাইমুম রেজা তালুকদার। তার এ আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দেন তিনি।


সাইমুম তালুকদারের পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সহকারী অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদাসম্পন্ন মো. সাইমুম রেজা তালুকদারে পদত্যাগ পত্র গ্রহণপূর্বক তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হলো।’

]]>
সম্পূর্ণ পড়ুন