ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর এবং গোয়ালন্দ উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় রাজবাড়ী শহরে আনন্দমিছিল ও পথসভা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত কর্মসূচি শেষে নেতা–কর্মীদের মধে৵ মিষ্টি বিতরণ করা হয়।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংস্কৃতি প্রতিমন্ত্রী পেল রাজবাড়ী। এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন জাহানারা বেগম।
গতকাল রাতে শ্রমিক দলের উদ্যোগে শহরে আনন্দমিছিলটি বের করা হয়। এটি শহরের ১ নম্বর রেলগেট, পান্নাচত্বর ও বাজার এলাকা ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গফুর মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহ আলম।
বক্তারা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান। পরে শ্রমিক দলের কার্যালয়ের সামনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান শাহীন উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোট দেন, যা মোট ভোটারের ৬৩ দশমিক ২০ শতাংশ। প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৭১ হাজার ৬৩১। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিল ভোট ২৬ হাজার ৮৮১।
এবারের নির্বাচনে আসনটিতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পান ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট–সমর্থিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট। প্রায় ৫৩ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার তিনবার মেয়র ছিলেন।








Bengali (BD) ·
English (US) ·