রোববার (২৫ জানুয়ারি) পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কাছে এই জবাব দাখিল করেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম এবং বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী বিধি ভঙ্গের দায়ে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তাঁদের এই নোটিশ জারি করা হয়েছিল।
রোববার সকালে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন ও নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিনকে সঙ্গে নিয়ে সশরীরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে শোকজের জবাব দেন শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।
লিখিত জবাবে সারজিস আলম উল্লেখ করেন, ২৩ জানুয়ারির জনসভায় যেসব ব্যানার ও তোরণ ব্যবহার করা হয়েছে, তা স্থানীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে করা। এতে তার প্রত্যক্ষ অনুমোদন ছিল না। তবে বিষয়টি নজরে আসার সাথে সাথেই প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের কাজ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেসবুক পেজের তথ্য দাখিল না করার বিষয়ে তিনি জানান, এটি অনিচ্ছাকৃত এবং এতে বিধি লঙ্ঘনের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। জবাবের সাথে তিনি প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ না করার অনুরোধ জানান।
অন্যদিকে, বিকেলে বিএনপি প্রার্থীর পক্ষে তাঁর নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির শোকজের জবাব দাখিল করেন। এরপর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর এজেন্ট অভিযোগ করেন, প্রশাসন ১১ দলীয় জোটের প্রার্থীর বিধি লঙ্ঘনের বিষয়ে নমনীয় থাকলেও বিএনপির ক্ষেত্রে ভিন্ন আচরণ করছে। তিনি দাবি করেন, শোকজ নোটিশে উল্লিখিত অভিযোগগুলো 'ভুল বোঝাবুঝি' ও 'অসম্পূর্ণ'।
নওফল আরশাদ জমির বলেন, শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষের ব্যানারের নিচে জোটের রঙিন ব্যানার টানানো ছিল। আমাদের নেতাকর্মীরা সবার জন্য সমান আইনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, আইন মেনেই ব্যানার টানানো হয়েছিল এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুই প্রার্থীর দাখিল করা জবাব পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো ধরনের বিধি লঙ্ঘন সহ্য করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·