আইপিএলের পরিবর্তে পিএসএলে খেলার কারণ জানালেন জাম্পা

১ সপ্তাহে আগে
অ্যাডাম জাম্পা স্রোতের উলটো পথেই হাঁটলেন। বেশির ভাগ ক্রিকেটার আইপিএলে খেলতে মুখিয়ে, অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি এতে টাকা ও জনপ্রিয়তা বেশি। এসব কারণে বেশ কয়েকজন পিএসএলে খেলার চুক্তি করেও আইপিএলে পাড়ি দিয়েছেন। জাম্পা আইপিএলের পরিবর্তে বেছে নিলেন পিএসএলকে।

জাম্পা আইপিএলের গত বছরের মিনি নিলামে নামই দেননি। ভেবেছিলেন বিশ্রামে যাবেন, কিন্তু পরে পিএসএলে খেলার কথা বিবেচনা করেন। পরে করাচি কিংসের সঙ্গে চুক্তি হয় তার। পিএসএলের চলতি আসরে করাচির হয়ে ২টি ম্যাচেই খেলেছেন তিনি, নিয়েছেন ৩ উইকেট। আইপিএল না খেলে তার পিএসএলে খেলার সিদ্ধান্তের কারণ কী?


এআরওয়াই নিউজকে জাম্পা জানিয়েছেন, আইপিএল লম্বা সময় ধরে হয়। পাশাপাশি তার স্কিটসেট অনুযায়ী পারিশ্রমিকও পান না। তাই এই প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান। আর প্রায় ২ কোটি টাকায় পিএসএলে খেলার কারণ এটা ‘কম সময়ের’ টুর্নামেন্ট।


আইপিএলের গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদ জাম্পাকে নিয়েছিল ৩ কোটির বেশি টাকায়, সেবার মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পান। প্রতিযোগিতাটিতে ২০১৬ সালে অভিষেক হয় অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের। এরপর থেকে ২২ ম্যাচে ২১.০৩ গড় ও ৮.৩৮ ইকোনমিতে নিয়েছেন ৩১ উইকেট।


আরও পড়ুন: বিগ ব্যাশে বাজিমাত, তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় রিশাদ


জাম্পা বলেন, ‘আমি এ বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি। খোলাখুলি বলতে গেলে, আমার মতো দক্ষতার খেলোয়াড়দের জন্য অন্য ধরনের স্কিলসেটের খেলোয়াড়দের মতো আর্থিক সুযোগ সেখানে থাকে না।’


পিএসএলের এবারের আসরে ম্যাচসংখ্যা সাকুল্যে ৪৪টি। দুই মাসব্যাপী আইপিএলে ৭৪টি। তাই ভারতের প্রতিযোগিতাটিতে খেলা তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। জাম্পা বলেন, ‘আইপিএল যে পরিমাণ সময় নেয়, তা বিবেচনা করলে আমার জন্য সেখানে খেলে যাওয়া যুক্তিযুক্ত মনে হয়নি।’


পিএসএলের খেলার সুযোগ নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমি আসলে কিছুদিন বিরতি নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু প্রায় এক মাস আগে থেকে পিএসএল আমার নজরে আসে। সবকিছু খুব দ্রুত ঘটেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন