আইনশৃঙ্খলা বাহিনীকে নির্মম না হয়ে কঠোর হওয়ার আহ্বান দুর্যোগ প্রতিমন্ত্রীর

২ দিন আগে
অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্মম না হয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বর্তমান সময়ে অপরাধীরা পুলিশকে ভয় পায় না, উল্টো ভালো মানুষ পুলিশকে ভয় পায়।

সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

 

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখন শুনি যে থানায় অপরাধীরা বসে কথা বলতে থাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সাথে। ভালো মানুষ গিয়ে ঢুকতে পারে না। এই পরিস্থিতিটা বদলান, নিজেদের অবস্থান শক্তিশালী করেন। অপরাধী অর্ধেক কমে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘আজকে থেকেই একটু শক্ত হোন, কঠোর হোন। নির্মম হইয়েন না, কঠোর হোন। অপরাধী ধরেন, তালিকাভুক্ত যারা আছে তাদের আগে ধরেন। মাদকবিরোধী অভিযানসহ যেকোনো একটি জায়গা থেকে কঠোরভাবে অভিযান শুরু করুন, তখন অপরাধীরা বুঝতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজে লেগে গেছে।’

 

পুলিশের প্রতি সাধারণ মানুষের ভীতি প্রসঙ্গে এম ইকবাল হোসেইন বলেন, ‘একটা দুঃখের ব্যাপার হলো, পুলিশকে এখন অপরাধীরা ভয় পায় না, পুলিশকে ভালো মানুষ ভয় পায়। উল্টো হয়ে গেছে যেন। আপনারা এমন পরিবেশ তৈরি করুন যাতে অপরাধীরাই আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায়।’

 

আরও পড়ুন: তিস্তা প্রকল্পে ভারত-চীন সহায়তা করতে চায়: দুর্যোগ প্রতিমন্ত্রী

 

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মূল দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার কাজ আইনশৃঙ্খলা বাহিনীরই করতে হবে। আমরা শুধু সহযোগিতা করতে পারব। আমরা রাজনৈতিক পরিচয়ে জনসচেতনতা তৈরি করতে পারব। কিন্তু কাজের দায়িত্বটা আপনাদের নিতে হবে।’

 

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য রাখেন। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।

 

এ সময় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন