অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি আয় কমেছে ৪.৮৫ শতাংশ

১ সপ্তাহে আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি আয় এসেছে ৩ হাজার ৫৩৮ কোটি ৬৫ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৪.৮৫ শতাংশ। আর বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ ডলার।

 

তৈরি পোশাক খাত

 

অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৭ কোটি ৮৪ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ৩ হাজার ২৪ কোটি ৬৩ লাখ ডলার।

 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৫১১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৭ লাখ ডলার।

 

আরও পড়ুন: বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত, রফতানিতে প্রভাব পড়বে?

 

এছাড়া ১ হাজার ৩৪৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৪০৯ কোটি ৯৬ লাখ ডলার।

 

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্যের রফতানি বাড়লেও হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। জুলাই-মার্চ মাসে রফতানি হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। 

 

তবে হোম টেক্সটাইলের রফতানি আয় শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২৬ লাখ ডলারে। আর কৃষি পণ্যের রফতানি আয় ৯ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি ২৭ লাখ ডলারে।

 

এদিকে সদ্যবিদায়ী মার্চ মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৪৮ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৮ দশমিক ০৭ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন