অবসরে গেলেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক

১৩ ঘন্টা আগে
আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক সার্জিও রোমেরো ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৩৯ বছর বয়সি এই অভিজ্ঞ ফুটবলার এখন কোচিং ক্যারিয়ারে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলে দীর্ঘ সময় কাটিয়ে রোমেরো খেলেছেন ৯৬টি ম্যাচ। ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার গোলপোস্ট সামলান তিনি। এই তিনটি আসরেই রানার্সআপ হয় দলটি।


২০১৮ বিশ্বকাপের আগে চোট পাওয়ায় সেই আসরে খেলতে পারেননি রোমেরো। এরপর আর জাতীয় দলে সুযোগও পাননি তিনি। তবে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন নির্ভরতার প্রতীক ছিলেন এই গোলরক্ষক, বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে টাইব্রেকারে তার অসাধারণ পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।


ক্লাব ক্যারিয়ারে রেসিং ক্লাবের যুব দল থেকে উঠে এসে ২০০৬ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। এরপর খেলেছেন এজেড আলকমার, সাম্পডোরিয়া এবং ধারে মোনাকোতে।


আরও পড়ুন: আবারও উপেক্ষিত নেইমার, ব্রাজিল দলে তরুণদের ছড়াছড়ি 


২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে কাটান রোমেরো, যেখানে মূলত ডে গিয়ার ব্যাকআপ হিসেবেই ছিলেন। লিগে খুব বেশি সুযোগ না পেলেও এফএ কাপ ও লিগ কাপে তার পারফরম্যান্সে মুগ্ধ হয় সমর্থকরা। সব মিলিয়ে ম্যান ইউর হয়ে ৬১ ম্যাচে ৩৯টি ক্লিনশিট রাখেন তিনি।


পরবর্তীতে এক মৌসুম স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলে ২০২২ সালে যোগ দেন নিজ দেশের ক্লাব বোকাতে। সর্বশেষ খেলেছেন আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে। গত ডিসেম্বর ক্লাব ছাড়ার পর ফ্রি এজেন্ট ছিলেন তিনি।


বারবার চোট এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় অবসরের সিদ্ধান্ত নেন রোমেরো। ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

]]>
সম্পূর্ণ পড়ুন