‘অধিনায়ক’ ইমরানের চিকিৎসার দাবিতে সোচ্চার ওয়াসিম-ওয়াকাররা

১ মাস আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইম্পরান খানকে কারাগারে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। সম্প্রতি খবর অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খান তার ডান চোখের অধিকাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে প্রথম ও একমাত্র বিশ্বকাপ এনে দেয়া এই অধিনায়ক কয়েক মাস ধরে প্রায় একাকী বন্দিত্বে আছেন এবং একটি চোখের সংক্রমণে ভুগছেন। তার আইনজীবী দলের দাবি অনুযায়ী এই সংক্রমণ গুরুতর দৃষ্টিহানির কারণ হয়েছে।

ইমরানের আইনজীবীরা আরও দাবি করেছেন, সরকারের অবহেলার কারণেই তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তবে সরকারের মুখপাত্ররা এসব অভিযোগ অস্বীকার করেছেন।


১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ওয়াসিম আকরাম, যিনি ইমরানকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রভাব হিসেবে উল্লেখ করেছেন, এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'আমাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেবে। তার শক্তি, দ্রুত আরোগ্য এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।'


পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াকার ইউনুসও একই সুরে মন্তব্য করেন। তিনি লিখেছেন, 'রাজনীতি পাশে রেখে বলছি, আমাদের জাতীয় নায়ক—যিনি খেলাধুলার ময়দানে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যা অসংখ্য মানুষকে সাহায্য করেছে, আমার নিজের মাকেও—তিনি এখন স্বাস্থ্য সংকটে আছেন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি বিনীতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যেন তাকে দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, স্কিপার।'

 

আরও পড়ুন: হাত মেলানোর প্রশ্নে সূর্যকুমার কী বললেন


স্পিডস্টার শোয়েব আখতার শনিবার (১৪ ফেব্রুয়ারি) জানান, ইমরানের প্রতিষ্ঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করতে গত তিন মাস যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এই হাসপাতালটি ইমরান তার ক্যান্সারে মারা যাওয়া মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেছিলেন। শোয়েব বলেন, 'তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'


পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, চিকিৎসা পাওয়া একটি 'মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা উচিত।' রমিজ রাজা—যিনি ১৯৯২ বিশ্বকাপে ইমরানের বলে জয়সূচক ক্যাচটি ধরেছিলেন এবং পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও হয়েছিলেন—লিখেছেন, 'আশা করি মানবতা জয়ী হবে। ইমরান খানকে কষ্ট পেতে এবং এক চোখের দৃষ্টি হারাতে দেখা মর্মান্তিক।'

 

আরও পড়ুন: স্কটল্যান্ডকে হারিয়ে সুপার এইটের দৌড়ে ভালোভাবে টিকে রইল ইংল্যান্ড


মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত আরোগ্য কামনা করে এবং যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের ক্রিকেটারদের ইমরানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।


ইমরান খানকে ২০২৩ এর আগস্টে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ও তার সমর্থকরা দাবি করে আসছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 

]]>
সম্পূর্ণ পড়ুন