২০ শিক্ষার্থী অসুস্থতার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান, জরিমানা

১ সপ্তাহে আগে
বিনামূল্যে দেয়া স্কুল ফিডিংয়ের নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থতার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে খাবার অনুপযোগী পাউরুটি রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সরবরাহকারীকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাত ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)- এ এই জরিমানা করা হয়। এ ছাড়াও পাউরুটিগুলো সংরক্ষণের স্থান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।


জানা যায়, বুধবার দুপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে জেলা শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। দুর্গন্ধযুক্ত পাউরুটি খেয়ে বমি, পেট ব্যথা ও চোখমুখে জ্বালাপোড়া শুরু হয় শিক্ষার্থীদের। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও। এ সময় ব্যাপক ছোটাছুটি ও কান্নাকাটি শুরু করে তারা।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ


খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের অনেককেই তাদের অভিভাবকরা বাসায় নিয়ে যায়।


এই ঘটনার পরবর্তীতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। নিম্নমানের পাউরুটি সরবরাহ করার অপরাধে ভোক্তা অধিকার ২০০৯ সালের সংরক্ষণ আইনের ৪৩ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম-গাক ৪১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে। 

]]>
সম্পূর্ণ পড়ুন