বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলার ২১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এই খাবার সরবরাহ বন্ধ রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন ও খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের (গাক) স্টোর কিপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দেয়া খাবার খেয়ে জেলা শহরের শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গাকের গোডাউনে অভিযান চালায়। সেখানে নিম্নমানের পাউরুটি মজুত রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, ‘পাউরুটির গুণগত মান নিশ্চিত করে বিদ্যালয়গুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। যথাযথ মান নিয়ন্ত্রণ ও তদারকি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিয়ে তাদের লিখিত অঙ্গীকার করতে বলা হয়েছে। এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত খাবার সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি আরও জানান, গোডাউনে সংরক্ষিত পাউরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ২০ শিক্ষার্থী অসুস্থতার পর সরবরাহকারী প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান, জরিমানা
গাকের স্টোর কিপার মিজানুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের কারণে বৃহস্পতিবার উপজেলার কোনো বিদ্যালয়ে খাবার সরবরাহ করা হয়নি। বিষয়টি নিয়ে গাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে এসেছেন। তারা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন। আশা করছি, শিগগিরই খাবার সরবরাহ স্বাভাবিক হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, ‘যেহেতু উপজেলা প্রশাসন মান নিয়ন্ত্রণের পর খাবার সরবরাহ করার নির্দেশ দিয়েছে, সেহেতু সেই নির্দেশনা সরবরাহকারী প্রতিষ্ঠানকে মানতে হবে। বিকল্প কোনো উপায়ে বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহের সুযোগ নেই। তবে আমরা আশা করছি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি সংস্থা গাক ৪১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর জন্য দৈনিক স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·