চাঁদপুরে ডাকাতিয়া নদীতে দলবেঁধে গোছল করতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। এরমধ্যে নিখোঁজের এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে আরেক শিশু এখনও নিখোঁজ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, নদীতে গোসল করতে গিয়ে একসঙ্গে দুই শিশু নদীতে নিখোঁজ। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ নদীতে নামে। পরে ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় শিশু শাহাদাতকে (৫) উদ্ধার করে। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ রয়েছে আরেক শিশু মাহমুদ (৭)।
স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে বেশ কয়েক শিশু তাদের বাড়ির পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। ওই সময় পাশে এক নারী তাদের দলবেঁধে নদীতে নামতে দেখেন। কিন্তু মুহূর্তের মধ্যে দুই শিশু ডুবে যায়। এ দুই শিশু হচ্ছে, শাহাদাত ও মাহমুদ।
অন্যদিকে, আলাদাভাবে দুই পরিবারের এই দুটি শিশুর এমন ডুবে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা বলেন, সবার চোখ ফাঁকি দিয়ে গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় শিশুরা।
আরও পড়ুন: বেতন নেই, ওষুধ নেই / চাঁদপুরে মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের সেবা
চাঁদপুরে ফায়ারসার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তার ডুবুরি দল এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ আরেক শিশুর সন্ধান চলছে।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যা হওয়ায় আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। তবে সোমবার সকাল থেকে আবারও ঘটনাস্থলে তল্লাশি করবে ডুবুরি দল।
ঘটনার শিকার ওই দুই শিশুর মধ্যে শাহাদাতের বাবার নাম মোহাম্মদ আলী এবং মাহমুদের বাবার নাম মো. মাইনউদ্দিন। নদীপাড়ের তিনশো গজের মধ্যে তাদের বাড়ি। মো. মাইনউদ্দিনের তিন মেয়ের পর একমাত্র ছোট সন্তান ছিল মাহমুদ। তাই ছোট ভাইকে হারিয়ে নদীপাড়ে বিলাপ করছিলেন বড় বোন। সঙ্গে বাবাসহ অন্যরাও। এ দুই শিশু এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাতে চাঁদপুর নৌ থানা পুলিশের উপপরিদর্শক বিলাল আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

১৭ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·