হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, ১০ মোটরসাইকেল ভাঙচুর

৩ দিন আগে
হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় স্থানীয় বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তার গাড়িবহর নিয়ে প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে সেখানে বেলাল মাঝির নেতৃত্বে গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হামলার মুখে প্রথমে পিছু হটলেও পরবর্তীতে হান্নান মাসউদের নেতৃত্বে এনপিপি কর্মীরা পুনরায় একত্রিত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে থেমে থেমে একাধিকবার সংঘর্ষ হয় এবং ১০ জনের মতো আহত হন। হামলায় এনসিটি নেতাকর্মীদের দশটি মোটরসাইকেল ভাঙচুর ও পাঁচজনকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।

 

জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর এভাবে হামলা করা হয়েছে অথচ পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকা আমাদের অবাক করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মীর বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এসব বিষয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

 

জানতে চাইলে আব্দুল হান্নান মাসউদ বলেন, হামলাকারী সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেফতার না করা পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।

 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আমাদের পুলিশের একাধিক টিক ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি সম্পূর্ণ না জেনে কোনো মন্তব্য করব না।

]]>
সম্পূর্ণ পড়ুন