বুধবার (২২ এপ্রিল) করাচিতে পিএসএলের চলমান মৌসুমের ৩৩তম ম্যাচে মুলতান সুলতান্সকে ৪ উইকেট ও ৩ বল হাতে রেখে হারিয়েছে হায়দরাবাদ কিংসমেন।
এদিন আগে ব্যাট করা মুলতান স্টিভ স্মিথের সেঞ্চুরি ও সাহিবজাদা ফারহানের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা হায়দরাবাদ উসমান খানের সেঞ্চুরি ও মার্নাস লাবুশেনের অর্ধশতকে ভর করে ১৯.৩ ওভারে জয় নিশ্চিত করে।
এই সেঞ্চুরিতে পিএসএলের রেকর্ডবুকে নাম তুলেছেন উসমান খান। বনে গেছেন পিএসএলের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
মুলতানকে এদিন স্বপ্নের মতো শুরু এনে দেন স্মিথ-ফারহানের ওপেনিং জুটি। ১৩২ রানের জুটি গড়েন তারা। ১৩তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ফারহানকে আউট করলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৪ চার ও ৫ ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন ফারহান।
আরও পড়ুন: আম্মু বলেছেন, যেন বেশি এক্সাইটেড না থাকি
ফারহান আউট হলেও সেঞ্চুরি তুলে নেন স্মিথ। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে এক ওভারেই নিয়েছেন ২৮ রান। হুনাইনের করা ১৬তম ওভারের আগে ৭৭ রানে ব্যাট করছিলেন স্মিথ। সেই ওভারে টানা পাঁচ বলে ৩ চার ও ২ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
পরের ওভারে হাসান খানের বলে আউট হওয়ার আগে স্মিথ ৫০ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১০৬ রান করেন।
স্মিথের বিদায়ের পর অবশ্য মুলতানের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। জশ ফিলিপই শুধু দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। ১৫ বলে ১৯ রান করেন তিনি।
হায়দরাবাদের পক্ষে আকিফ জাভেদ ৩ ওভারে ৩০ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ আলি, হুনাইন শাহ, হাসান খান ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট শিকার করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদের শুরুটা ছিল ভয়াবহ। ৪৮ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। মাজ সাদাকাত ৭, সাইম আইয়ুব ১০ বলে ৫ রান করেন, কুশল পেরেরা মারেন গোল্ডেন ডাক।
হায়দারাবাদ ঘুরে দাঁড়ায় অধিনায়ক মার্নাস লাবুশেনের সঙ্গে যোগ দেয়া উসমান খানের চতুর্থ উইকেট জুটিতে। মাত্র ৬৪ বলে এই জুটি যোগ করে ১২৩ রান।
পিটার সিডল লাবুশেনকে আউট করে এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪১ বলে ৯ চারে ৬১ রান করেন লাবুশেন।
এক ওভার পর ম্যাক্সওয়েলকেও (৩ বলে ২) আউট করেন এই বর্ষীয়ান পেসার। ওই ওভারের পঞ্চম বলে আউট হন উসমান খানও।
আরও পড়ুন: চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, পদত্যাগের নির্দেশ সরকারের
তবে আউট হওয়ার আগে ম্যাচটা হায়দরাবাদের নাগালের ভেতরে নিয়ে আসেন উসমান। মাত্র ৪৭ বলে ৫ চার ও ১০ ছক্কায় খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস। ৩০ বছর বয়সী উসমানের এটি পিএসএলে চতুর্থ সেঞ্চুরি। বাবর আজম কামরান আকমল ও রাইলি রুশোকে পেছনে ফেলে উসমানই এখন পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তারা প্রত্যেকে তিনটি করে সেঞ্চুরির মালিক।
পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরি:
*উসমান খান ৪টি (৩৩ ইনিংস)
*কামরান আকমল ৩টি (৭৪ ইনিংস)
*রাইলি রুশো ৩টি(৯৭ ইনিংস)
*বাবর আজম ৩টি (১০৬ ইনিংস)
জয়ের জন্য হায়দরাবাদের তখনও ১৩ বলে দরকার ৩২ রান। ইরফান খানকে নিয়ে এই সমীকরণ মেলান হাসান খান। ৬ বলে ১ চার ও ৩ ছক্কায় খেলেন ২৪ রানের ক্যামিও। ইরফান ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
সিডল ও ইসমাইল ৩টি করে উইকেট শিকার করেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·