স্বর্ণের দামে ‘আগুনের আঁচ’, মধ্যবিত্তের নাগালে কি আর থাকবে?

৩ সপ্তাহ আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া চরম উত্তেজনা এবং ইউরোপীয় বন্ড মার্কেটের অস্থিরতায় বিশ্ববাজারে আগুনের আঁচ লেগেছে স্বর্ণের দামে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা আর বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের দিকেই ঝুঁকছেন।
 

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,০৩২.৪৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আগামী এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,০৫২.৭০ ডলারে। যদিও সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা ওঠানামা করছে, তবে আজকের এই উল্লম্ফন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।


বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া হুঁশিয়ারিই আগ্নেয়গিরির মতো কাজ করেছে। ইরানকে পরমাণু চুক্তি নিয়ে দেয়া ১৫ দিনের আলটিমেটাম বিশ্ববাজারে এক ধরনের ভীতি তৈরি করেছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা: ‘হয় চুক্তি কর, নয়তো ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকো।’ এই হুমকির পরপরই লগ্নিকারীরা শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে স্বর্ণ মজুত করতে শুরু করেছেন।
 

আরও পড়ুন: দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?
 

কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চের বিশ্লেষক পিটার ফার্টিগ জানান, ইউরোপীয় বন্ডের মুনাফা কমে যাওয়ায় মানুষ এখন স্বর্ণের ওপর ভরসা রাখছে। এ ছাড়া গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি স্বর্ণ কেনা বাড়িয়ে দেয় এবং মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমায়, তবে চলতি বছর স্বর্ণের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে।


এদিকে বিশ্ববাজারে দাম বাড়লেও এশিয়ার বড় বাজারগুলোতে চিত্র কিছুটা ভিন্ন। ভারতে চড়া দামের কারণে সাধারণ ক্রেতারা স্বর্ণ কেনা থেকে বিরত রয়েছেন। অন্যদিকে, চন্দ্র নববর্ষের ছুটির কারণে চীনসহ এশিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ থাকায় কেনাবেচায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।


স্বর্ণের উত্তাপে পাল্লা দিয়ে বাড়ছে অন্য মূল্যবান ধাতুর দামও। আজ রুপার দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০.৫৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।


স্বর্ণের এই লাগামহীন উল্লম্ফন বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের কালো মেঘ তৈরি করছে। সাধারণ ক্রেতারা এখন প্রমাদ গুনছেন–স্বর্ণের এই পাগলা ঘোড়া ঠিক কোথায় গিয়ে থামবে?

]]>
সম্পূর্ণ পড়ুন