শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে লস ব্লাঙ্কোদের কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের ফিট থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, কিলিয়ান ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।’
এই মৌসুমে ইতিমধ্যে ৩৮ গোল করা এমবাপ্পে সপ্তাহের শুরুতে দুদিন দলের বাইরে জিমে অনুশীলন করায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে বাম হাঁটুর চোটে ভুগছিলেন ফরাসি ফরোয়ার্ড। ওই সমস্যার তিনি কারণে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন এবং স্প্যানিশ সুপারকোপায়ও সীমিত সময় খেলেন। তবে শুক্রবার ভ্যালদেবেবাসে দলীয় অনুশীলনে যোগ দিয়ে সংশয় কাটান এমবাপ্পে।
আরও পড়ুন: বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি
লা লিগায় টানা সাত ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। আজকের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ পাবে লস ব্লাঙ্কোরা। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদও নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজোর অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে বার্নাব্যুতে আসছে। ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে।
আরও পড়ুন: রিয়ালের কোচ হতে আগ্রহী ক্লপ, তবে দিলেন শর্ত
এদিকে ক্লাব অধিনায়ক দানি কারভাহালের ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। আরবেলোয়ার অধীনে এখন পর্যন্ত মাত্র ২৭ মিনিট খেলেছেন স্প্যানিশ ডিফেন্ডার। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘কারভাহালের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলি। প্রতি সপ্তাহেই আমরা বসে আলোচনা করি। সে ক্রমেই উন্নতি করছে। তাকে সেরা অবস্থায় দেখতে সবচেয়ে বেশি আগ্রহী আমি।’

২ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·