সূর্যবংশীর কি ভারত জাতীয় দলে অভিষেকের সময় হয়ে গেছে?

৩ ঘন্টা আগে
বছর দেড়েক ধরে বৈভব সূর্যবংশীর যে ফর্ম, তাতে বলেই দেওয়া যায় তিনি একদিন না একদিন ভারত সিনিয়র দলের হয়ে খেলবেনই। এখনকার প্রশ্নটা হলো, এই ১৫ বছর বয়সির কি এখনই জাতীয় দলে খেলার সময় হয়ে গেছে?

সূর্যবংশী গত আইপিএলে চমক দেখিয়েছিলেন দুই ম্যাচের মধ্যেই। তার তাণ্ডবলীলাকে এখন আর চমক বলার সুযোগ থাকছে না, মোটামুটি ধারাবাহিক ফর্মেই আছেন। তার পারফরম্যান্স যে দুর্ঘটনাবশত নয়, সেটার প্রমাণ মিলে জাসপ্রিত বুমরাহর মতো বিশ্বমানের বোলারকেও তার ছয় মারার ঘটনায়। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমাররাও তার কাছে নাকানি-চুবানি খেয়েছেন।


রাজস্থান রয়্যালস ওপেনার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৮ রান করেছিলেন। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আবার স্বরূপে ফিরেছেন। রাজস্থানকে ২২৮ রানের সংগ্রহ এনে দেওয়ার ম্যাচে ৩৬ বলেই সেঞ্চুরি (১০৩) করেন। অবশ্য এর পরের বলেই ফিরতে হয় তাকে। ৩৭ বলের ইনিংসে চারের (৫) চেয়ে ছক্কাই (১২) বেশি মেরেছেন তিনি।


এই ইনিংসের মাধ্যমে আইপিএলের এই আসরে যৌথ সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি, যদিও পরে সেটা অভিষেক শর্মার দখলে চলে যায়। টি-টোয়েন্টিতে সূর্যবংশীর পূর্ণ হলো এক হাজার রান। সেটাও ২১৩.৭৩ স্ট্রাইকরেটে। তার এখনই জাতীয় দলে সুযোগ পাওয়ার আলোচনা তো স্বাভাবিকই।


আরও পড়ুন: জয়পুরে বৈভব-শো, ৩৬ বলেই করলেন সেঞ্চুরি


সূর্যবংশীকে অভিষেক ক্যাপ তুলে দিতে অনেকে ভারতের নির্বাচকদের পরামর্শ দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট এই দলে নন। তিনি মনে করেন, ব্রায়ান লারার মতো সূর্যবংশীর আরও পরে জাতীয় দলে খেলা উচিত। তবে এখন থেকে তাকে জাতীয় দলের সঙ্গে রাখার পরামর্শ তার।


ইএসপিএন ক্রিকইনফোর টাইমড আউট শো-য়ে ব্রাথওয়েট বলেন, ‘আমি দুঃখিত, বৈভব। কিন্তু তুমি যদি দেখো ওয়েস্ট ইন্ডিজ কীভাবে ব্রায়ান লারাকে সামলেছিল… তিনি ছিলেন এক প্রজন্মে একবারই আসা প্রতিভা, এটা সবাই জানত।’


ব্রাথওয়েট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ কী করেছিল? তারা তাকে ভিভ রিচার্ডসের মতো খেলোয়াড়দের সঙ্গে দলে রাখে, কিন্তু তিনি তখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তখন সময়টা ভিন্ন ছিল, অনেক ট্যুর ম্যাচ হতো, আর তিনি অভিষেকের আগেই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে থেকে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এরপর আমরা জানি, অভিষেকের পর তার ক্যারিয়ার কীভাবে এগিয়েছিল।’


ব্রাথওয়েট মনে করেন, সূর্যবংশীকে সিনিয়র টিমের সঙ্গে রাখলে কোহলি, রোহিত, সূর্যকুমারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। ‘তাকে ভারতীয় দলের সঙ্গে রাখা যেতে পারে। বিরাট-রোহিত-সূর্যকুমারদের কাছ থেকে শিখতে পারবে। তার বয়সের কাছাকাছি আরও তরুণ খেলোয়াড় আছে, যাদের কাছ থেকেও শিখতে পারে।’

]]>
সম্পূর্ণ পড়ুন