অটাস স্টেডিয়ামে রোববার (২৫ জানুয়ারি) ৫৫ হাজার ১৮ জন দর্শকের সামনে সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিবিএল শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স।
ফাইনালে প্রথমে ব্যাট করে সিক্সার্স গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। স্টিভ স্মিথের ২৪ রানের ইনিংস ছাড়া কেউই বড় ভূমিকা রাখতে পারেননি। জশ ফিলিপে ও মইসেস হেনরিকসও সমান ২৪ রানের ইনিংস খেলেছেন, তবে সেগুলো টি-টোয়েন্টিসুলভ ছিল না। ডেভিড পেইন ও ঝাই রিচার্ডসনের নিয়ন্ত্রিত ও বৈচিত্র্যময় বোলিংয়ে সিক্সার্সের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। পেইন ৩ উইকেট নিতে খরচ করেন মাত্র ১৮ রান, রিচার্ডসন ৩২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।
আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তিতে রাখার বিষয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি: সাকিব
পাওয়ারপ্লেতে স্মিথ দ্রুত রান তুললেও ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরার পর ম্যাচের মোড় ঘুরে যায়। মাঝের ওভারগুলোতে রান তুলতে পারেনি সিক্সার্স। পাওয়ার সার্জ নেয়ার চেষ্টা উল্টো বিপদ ডেকে আনে। পেইন ও রিচার্ডসনের ধীরগতির ডেলিভারিতে একের পর এক উইকেট হারায় তারা।
বৃষ্টির মাঝেও দ্বিতীয় ইনিংস শুরু হয় নির্ধারিত সময়েই। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভেজা উইকেটে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা নেন মিচেল মার্শ ও ফিন অ্যালেন। পাওয়ারপ্লেতে আসে ৪১ রান। মাত্র ৮.১ ওভারেই উদ্বোধনী জুটিতে যোগ হয় ৮০ রান। মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন ফিন অ্যালেন। পরের ওভারেই অ্যারন হার্ডিকে (৫) বিদায় করে লড়াইয়ের আভাস দিয়েছিল সিডনি। কিন্তু মার্শ ও জশ ইংলিস আর কোনো সুযোগ দেননি। ১৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পার্থ। মার্শ ৪৪ রান করে আউট হলেও ২৯ রানে অপরাজিত ছিলেন ইংলিস।
আরও পড়ুন: বিশ্বকাপ খেলার আমন্ত্রণ গ্রহণ করেছে স্কটল্যান্ড
এই নিয়ে নবমবার বিবিএল ফাইনাল খেলল পার্থ স্কর্চার্স, যার ছয়টিই সিডনি সিক্সার্সের বিপক্ষে। সব মিলিয়ে ছয় শিরোপা ঘরে তুলে বিবিএলে একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
সিডনি সিক্সার্স ২০ ওভারে ১৩২ (স্টিভ স্মিথ ২৪; ডেভিড পেইন ৩–১৮, ঝাই রিচার্ডসন ৩–৩২)
পার্থ স্কর্চার্স ১৭.৩ ওভারে ১৩৩/৪ (মিচেল মার্শ ৪৪, ফিন অ্যালেন ৩৬; শন অ্যাবট ২–১৯)
ফল: পার্থ স্কর্চার্স জয়ী ৬ উইকেটে

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·