বাউন্ডারিতে পানি হাতে দাঁড়ানো একটি ছবি গত ১৪ মার্চ নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেছিলেন সৌম্য সরকার। ক্যাপশনে কিছু না লিখলেও চাপা আর্তনাদটা আন্দাজ করাই যায়। সেটা আরও পরিষ্কার হয়েছে সৌম্যর স্ত্রীর পোস্টে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।’
পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে থাকা সব ক্রিকেটারের চেয়ে আগে ওয়ানডে অভিষেক হয়েছে সৌম্যর। বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৭৯টি ওয়ানডে ম্যাচ। তবে সর্বশেষ খেলা ওয়ানডেতে ৯১ রান করার পরও পাকিস্তান সিরিজের ৩ ম্যাচেই তিনি ছিলেন না। সিরিজ জয়ের পর তাই অনুমিতভাবেই আজকের (১৬ মার্চ) সংবাদ সম্মেলনে এই বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ।
সৌম্যর মতো অভিজ্ঞ ব্যাটারকে পুরো সিরিজে দলে না রাখার ব্যাখ্যায় ওয়ানডে অধিনায়ক জানান, ‘আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে ও (সৌম্য) ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। অনেক খুশি, ও যেভাবে পরিশ্রম করেছে। অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের পরিকল্পনা ছিল ভিন্ন।’
ওপেনিং পজিশনের জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’
আরও পড়ুন: প্রথম সেঞ্চুরির পর তানজিদ—চেষ্টা করব অন্তত ২০টি সেঞ্চুরি করতে
সৌম্যকে দলে না আনার প্রশ্নটা আরও জোরদার হয়েছে পুরো সিরিজে সাইফ হাসানের পারফরম্যান্স। আরেক ওপেনার তানজিদ তামিম ছন্দে থাকলেও সাইফ এই সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। তাহলে তার জায়গায় কেন সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ দেওয়া হলো না সৌম্যকে, এই প্রশ্নও উঠছে। জবাবে মিরাজ বলেন, ‘আজ হয়ত সাইফকে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল... যেহেতু দুটি ম্যাচ ওরা খেলেছে, ওদের আইডিয়া অনেক ভালো এই উইকেট নিয়ে। আজ সৌম্য খারাপ খেললে ওর জন্যও চাপ হতো, সাইফের জন্যও চাপ হতো। তাহলে পরের সিরিজে আমরা কী করতাম?’
দলের ভাবনা পরিষ্কার করতে গিয়ে মিরাজ জানান, সবাইকেই পর্যাপ্ত সুযোগ দেয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এক-দুইটা ম্যাচ খারাপ খেললেই বাদ দেয়ার সিদ্ধান্ত না নিয়ে সুযোগ দেয়ার সংস্কৃতি আনতে চায় টিম ম্যানেজমেন্ট। ওই হিসেবে সবাইকে পর্যাপ্ত সুযোগ দেয়া হবে বলে জানান ওয়ানডে অধিনায়ক।
তিনি বলেন, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। সৌম্য যখন আবার খেলবে, সেও সুযোগ পাবে। এমন না একটা ম্যাচ খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গত সিরিজে তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’

৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·