প্রথম সেঞ্চুরির পর তানজিদ—চেষ্টা করব অন্তত ২০টি সেঞ্চুরি করতে

৫ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশের অন্যতম বড় নায়ক তানজিদ হাসান তামিম। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই বাঁহাতি ওপেনার। নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর এবার আরও বড় স্বপ্নের কথা জানালেন তিনি—চেষ্টা করবেন অন্তত ২০টি সেঞ্চুরি করার।

মিরপুরে রোববার (১৫ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ। ৭টি ছক্কায় সাজানো ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। ৪৫টি টি–টোয়েন্টি ও ৩১টি ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য যৌথভাবে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই ওপেনার।


তানজিদের সেঞ্চুরির পর জাতীয় দলের সাবেক নির্বাচক ও বয়সভিত্তিক ক্রিকেটে তার কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আশা প্রকাশ করেন। তিনি লিখেছেন, ওয়ানডেতে তানজিদের কাছ থেকে অন্তত ২০টি সেঞ্চুরি দেখতে চান।


তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হান্নানের এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তানজিদ বলেন, তিনি শুধু ২০ নয়, আরও বেশি সেঞ্চুরি করার স্বপ্ন দেখেন।


আরও পড়ুন: তামিম-লিটনকে সরিয়ে ছক্কার রেকর্ড এখন তানজিদের 


তানজিদ তামিম বলেন, 'ইনশাআল্লাহ চেষ্টা করব ২০টা সেঞ্চুরি করার। হয়তো এর থেকেও বেশি হতে পারে। স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নেই। অবশ্যই চেষ্টা করব।'


তবে ক্যারিয়ার শেষে নিজের অর্জনের হিসাব নিয়ে খুব বেশি ভাবতে চান না ২৫ বছর বয়সি এই ওপেনার। তিনি জানান, ভবিষ্যতের বড় লক্ষ্য নয়, বরং বর্তমানেই মনোযোগ দিতে চান।


তানজিদ বলেন, 'আমি এত দূরে তাকাতে চাই না। আমি সব সময় বর্তমানে থাকতে পছন্দ করি। আজকে যা হয়েছে, সেটা এখন অতীত। সামনে যে সিরিজ আসবে সেখানে প্রত্যেক ম্যাচে দলের জন্য ভালো কিছু করার চেষ্টা থাকবে।'


প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির স্বাদ পাওয়ার পর তানজিদ হাসান তামিম এখন বাংলাদেশের ব্যাটিং লাইনে নতুন আশার নাম। তার ব্যাট থেকে ভবিষ্যতে আরও বড় বড় ইনিংস দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন