​​লালমনিরহাটের ভোটমারীতে অবৈধ সার মজুত, ব্যবসায়ীর জরিমানা

৩ দিন আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে অবৈধভাবে সার মজুত করার দায়ে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভোটমারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী ইউনিয়নের ‘মেসার্স আশরাফ আলী অ্যান্ড সন্স’-এর গুদামে অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স বহির্ভূত ও অবৈধভাবে সার মজুত রাখার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড দেয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহীদ ইশরাক। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি ও পুলিশ সদস্যরা।


আরও পড়ুন: তিস্তা চরের শিশুদের জীবন বদলে দিচ্ছে ‘লালমনি বিদ্যাপীঠ’

এদিকে প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানালেও জরিমানার পরিমাণে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সচেতন মহলের দাবি, অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে সাধারণ চাষিরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না।


উপস্থিত এক কৃষক আনোয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এরা সারের বাজার নিয়ন্ত্রণ করে আমাদের জিম্মি করে রেখেছে। এদের শুধু সামান্য জরিমানা নয়, আরও কঠোর শাস্তি হওয়া দরকার।


এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহীদ ইশরাক জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ মজুতদারী বরদাশত করা হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন