রাজধানীতে ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

২ সপ্তাহ আগে
রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় টাকা ধার দেয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বুলবুল আহমেদ রুবেল (৪৯) হত্যার ঘটনায় একমাত্র আসামি খোরশেদ আলম রনিকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

খোরশেদ আলম রনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি খোরশেদ আলম রনি (৪৩) ভিকটিম রুবেল এর পালিত ভাই। ভিকটিম এর মা ছোটবেলা থেকেই আসামিকে লালন পালন করে আসছেন। ভিকটিমের মা ও তার পালিত ছেলেসহ তাদের পরিবার দীর্ঘদিন ধরে রাজধানীর ফকিরাপুলে বসবাস করছে। গত ১৯ অক্টোবর দুপুর ১ টায় ভিকটিম এর ছোট বোন কিস্তির টাকার বিষয়ে আলোচনা করতে আসেন। এ সময় আসামি তার পালক মা এর ঘরে ঘুমিয়ে ছিলেন এবং তার ঘুমের সমস্যা হওয়ায় সে উগ্র আচরণ করেন।

 

আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকালে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার

 

পরবর্তীতে ভিকটিম রুবেল আসামির কাছে উগ্র আচরণের কারণ জানতে চাইলে তাদের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামি রনি ড্রয়ার থেকে ছুরি বের করে বড় ভাই রুবেলকে পাজরে আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে রুবেলকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

 

এ ঘটনায় ভিকটিমের ছেলে মো. আলিফ আহমেদ অনিক বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় খোরশেদ আলম রনিকে আসামি করে হত্যা মামলা করেন। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে আসলে র‍্যাব-৩ এর গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে আসামির অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেফতার করে।

 

আরও পড়ুন: রাজধানীতে পিস্তল-ম্যাগজিনসহ ৩ জনকে আটক করলো সেনাবাহিনী

 

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

]]>
সম্পূর্ণ পড়ুন