যুক্তরাষ্ট্রে ইরান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা, ভেন্যু বদলালেও প্রস্তুত নিউজিল্যান্ড

৪ সপ্তাহ আগে
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্রে না-ও খেলতে হতে পারে নিউজিল্যান্ডকে। প্রতিপক্ষ ইরানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার জেরে ম্যাচটি মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেয়ার গুঞ্জন জোরালো হচ্ছে। তবে যেকোনো ভেন্যুতেই খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ড।

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ সূচি অনুযায়ী, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ইরানের। কিন্তু ইরানি ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে আগ্রহী নয়।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা—বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি এই অনিশ্চয়তার মূল কারণ। ইরান আগেভাগেই বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।


এই পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে মেক্সিকো বা কানাডার নাম সামনে আসছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা ইরানি ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আপাতত নির্ধারিত সূচি বজায় রাখার চেষ্টাই করছে।


আরও পড়ুন: বিশ্বকাপের টিকিটে ‘অগ্নিমূল্য’, ফিফার বিরুদ্ধে মামলা দায়ের


এদিকে নিউজিল্যান্ড মিডফিল্ডার রায়ান থমাস রয়টার্সকে বলেন, 'ইরান যোগ্য দল হিসেবেই এখানে এসেছে। যদি আমাদের মেক্সিকো বা কানাডায় খেলতে হয়, আমরা সেখানেই খেলব—এটা কোনো সমস্যা নয়।'


একই সুরে কথা বলেছেন অভিজ্ঞ উইঙ্গার কোস্টা বারবারাউসেস। তার মতে, ভেন্যু পরিবর্তন হলেও প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, 'কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব। আমাদের বেস ক্যাম্প নির্ধারিত আছে, তাই সমস্যা হওয়ার কথা নয়।'


সব মিলিয়ে, রাজনৈতিক বাস্তবতা ও ক্রীড়া সূচির সমন্বয় করেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ফিফাকে। আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

]]>
সম্পূর্ণ পড়ুন