ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট

২২ ঘন্টা আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও ৫ মাস সময় বাকি থাকলেও, একের পর এক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখন থেকেই। কখনও বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য, কখনও ইউরোপীয় দলগুলোর বিশ্বকাপ বয়কটের গুঞ্জন আর এবার এলো গাড়ি পার্কিংয়ের টিকিটের চড়া মূল্যের খবর।

২০২৬ ফিফা বিশ্বকাপের লস অ্যাঞ্জেলেসের ম্যাচগুলোর জন্য ফিফা পার্কিং পাস প্রতি স্পট ২৫০ থেকে ৩০০ ডলারে বিক্রি করছে, যা কিছু ম্যাচের টিকিটের চেয়েও অনেক বেশি।


ফিফার অফিশিয়াল পার্কিং ওয়েবসাইট অনুযায়ী, এই পার্কিং স্পটগুলো সোফাই স্টেডিয়ামের এক মাইলের বেশি দূরত্বে অবস্থিত। লস অ্যাঞ্জেলেসে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ এবং একটি কোয়ার্টারফাইনাল অন্তর্ভুক্ত। এই দুটি ম্যাচের পার্কিং স্পটের দাম ৩০০ ডলার, বাকি ছয়টির জন্য দাম ২৫০ ডলার। তুলনায়, একই ম্যাচের ক্যাটাগরি ৩ টিকিটের দাম ১৪০ থেকে ১৮০ ডলার।


লস অ্যাঞ্জেলেসে ২৫০ ডলারের স্পটগুলো মূলত ইনটুইট ডোমের ভিআইপি ওয়েস্ট গ্যারেজ বা তার আশেপাশে অবস্থিত। যা সোফাই স্টেডিয়ামের হলিউড পার্ক ক্যাম্পাসের বাইরে। ফিফার ওয়েবসাইট অনুযায়ী, পার্কিং স্পট থেকে স্টেডিয়ামে পৌঁছাতে প্রায় ২১ মিনিট হাঁটা লাগতে পারে।  


আরও পড়ুন: নিজেদের অবস্থান থেকে সরে আসল জার্মানি 


তুলনামূলকভাবে, এনবিএ ক্লিপার্সের ম্যাচে পার্কিং খরচ ছিল ৫৬.৫০ ডলার, এবং লস অ্যাঞ্জেলেস র‌্যামসের এনএফএল ম্যাচে ২০২৫ সালে পার্কিং খরচ ৭১ ডলার।


এদিকে লস অ্যাঞ্জেলেস ছাড়াও অন্য শহরগুলোর (যেখানে বিশ্বকাপের ম্যাচ রয়েছে) পার্কিং খরচ বেশ চড়া। যেমন; ক্যানসাস সিটি, আরলিংটন ও আটলান্টার গ্রুপ স্টেজ ম্যাচের জন্য পার্কিং ৭৫ ডলার থেকে শুরু, যা ২০২২ সালের কাতারের বিশ্বকাপের কিছু টিকিটের চেয়ে বেশি। মিয়ামিতে শুরুতে পার্কিং ছিল ৭৫ ডলার, পরে তা বাড়িয়ে ১০০ ডলার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন