মেহেরপুরে ঊর্ধ্বমুখী সবজির দাম, কেজিতে বেড়েছে ৫-১৫ টাকা

১ সপ্তাহে আগে
বাজারে সরবরাহ কমে যাওয়ায় মেহেরপুরের বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বেগুন, পটল, কচুর লতি ও কাঁচা কাঁঠালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এসব সবজি এখন কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া, লাউ, ঢ্যাঁড়স, কাঁচা কলা ও পুঁইশাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে।

 

অথচ সাত দিন আগেও এসব সবজির দাম ছিল ২০ টাকার মধ্যে। একই সঙ্গে আদা, রসুন ও কাঁচা মরিচের দামও বেড়েছে। তবে আলু ও পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে।

 

এছাড়া জ্বালানি সংকটে দেশের বিভিন্ন প্রান্তে সবজি পরিবহনেও ভোগান্তি তৈরি হয়েছে বলেও জানান তারা। আড়ত ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে বলে আশা করা যায়।

 

আরও পড়ুন: ৩০ টাকার সবজি কেন ঢাকায় এসে সেঞ্চুরি ছাড়ায়?

 

আরেক ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, মেহেরপুর জেলার সবজি দেশের বড় বড় মোকামগুলোতে যায়। কিন্তু বর্তমানে মাঠে সবজি উৎপাদন কম এবং পরিবহন জটিলতার কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে প্রশাসনের নজর দেয়া উচিত।

 

কৃষক হামিদুল ইসলাম বলেন, তীব্র রোদের কারণে মাঠে ফসল নষ্ট হচ্ছে। এছাড়া ডিজেল সংকটে পর্যাপ্ত সেচ দেয়া সম্ভব হচ্ছে না। দাম কিছুটা বেশি মিললেও কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছে না।

 

কাঁচামাল ব্যবসায়ী সংগঠন থকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, বর্তমানে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে খুচরা বাজারে কেউ যাতে অতিরিক্ত মুনাফা না করতে পারে সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন। আগামী ১০ দিনের মধ্যে দাম আবার কমে আসতে পারে।

 

মেহেরপুর বড়বাজার কাঁচামাল আড়ত থেকে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন