মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সংবাদ পরিবেশন করা বিবিসির সাংবাদিক মার্ক টালি আর নেই

২ সপ্তাহ আগে
বিবিসির প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ আর এ দেশের মানুষের দুর্দশার প্রকৃত চিত্র বিশ্বের কাছে পৌঁছে দিতেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্ক টালির ঘনিষ্ঠ বন্ধু সতীশ জ্যাকব।

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর। ১৯৩৫ সালের ২৪ অক্টোবর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।

 

ব্রিটিশ-ভারতীয় মার্ক টালি ২২ বছর ধরে নয়াদিল্লিতে বিবিসির ব্যুরো প্রধান ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন তিনি। ওই সময় বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল এই অঞ্চলের মানুষের তথ্যের গুরুত্বপূর্ণ উৎস। 

 

একজন জনপ্রিয় লেখক টালি বিবিসি রেডিও ৪-এর ‘সামথিং আন্ডারস্টুড’ অনুষ্ঠানের উপস্থাপকও ছিলেন। ২০০২ সালে তিনি নাইট উপাধি লাভ করেন এবং ২০০৫ সালে ভারত সরকার থেকে পদ্মভূষণ লাভ করেন।

 

আরও পড়ুন: ক্যারিয়ারের শেষ ছবি নিয়ে বিতর্ক: প্রথমবার মুখ খুললেন বিজয়

 

টালি ভারত সম্পর্কে বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ‘নো ফুল স্টপস ইন ইন্ডিয়া’, ‘ইন্ডিয়া ইন স্লো মোশন’ এবং ‘দ্য হার্ট অফ ইন্ডিয়া’। বিবিসি থেকে অবসর গ্রহণের পর টালি ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

 

একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ। 

]]>
সম্পূর্ণ পড়ুন