মালদ্বীপে বেগম খালেদা জিয়ার স্মরণসভা অনুষ্ঠিত

২ সপ্তাহ আগে
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে এক বিশেষ স্মরণসভা ও প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের প্রতিনিধিবৃন্দ, দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

 

স্মরণসভায় প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকাসহ বাংলাদেশের ইতিহাসে তার অবদান গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন মালদ্বীপ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মরিয়ম জুলফা, পাকিস্তান হাইকমিশনার ভাইস অ্যাডমিরাল (অব.) ফয়সাল রসুল লোধি, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হাও ঝাং, মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মাহমুদ শৌগি।

 

আরও পড়ুন: কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

 

মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক ড. মামুন আহমেদ, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

 

স্মরণসভার স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান এবং তার গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ সরকারের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি মালদ্বীপের জনগণও প্রয়াত বেগম খালেদা জিয়ার মহত্ত্বকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

 

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব

 

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে একটি প্রবন্ধ উপস্থাপন করাসহ তার জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করেন আঁধার পেরিয়ে। যার নাম দেয়া হয় ‘ইন মেমোরিয়াম: বেগম খালেদা জিয়া, মালদ্বীপে কূটনৈতিক মহল ও বাংলাদেশি প্রবাসীদের শোকবার্তা’।

 

এর আগে বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে, বিভিন্ন মহল থেকে প্রাপ্ত সমবেদনা ও সংহতির বার্তাসমূহ সংরক্ষণ করার লক্ষে এক বিশেষ স্মরণসভা ও প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ জানান মিশনের ফেসবুক পেজের মাধ্যমে। এতে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন আমন্ত্রিত অতিথি ও দেশটিতে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন