মান্নার মৃত্যু সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির দাবি

২ সপ্তাহ আগে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘আম্মাজান’ 'দাঙ্গা' ও 'কাবুলিওয়ালা' খ্যাত মহানায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ স্মরণ সভায় চিত্রনায়কের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি নায়কের মৃত্যু সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে নায়কের স্মরণসভা আয়োজন করা হয়। মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক মিঠু।

 

সভাপতির বক্তব্যে এনামুল হক মিঠু বলেন,

নায়ক মান্না শুধু একজন মেধাবী অভিনয়শিল্পীই ছিলেন না; তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক দুঃসময়ের কান্ডারি। ৯০-এর দশক থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত যখন ইন্ডাস্ট্রি সংকটে ছিল, তখন সুস্থ ও সামাজিক চলচ্চিত্র উপহার দিয়ে তিনি দর্শকদের হলমুখী করেছিলেন। চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে।

 

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রাকিব হোসাইন নবগঠিত গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন জানিয়ে চলচ্চিত্র অঙ্গনের সংস্কার ও স্মৃতিরক্ষায় বিশেষ দাবি তুলে ধরেন। তিনি বলেন,

আমরা নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এফডিসিতে নায়ক মান্নাসহ চলচ্চিত্রের দিকপালদের স্মৃতি সংরক্ষণে ম্যুরাল বা স্মৃতি কর্নার স্থাপন করা হয়। একইসঙ্গে ১৮ বছর ধরে ঝুলে থাকা চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসায় মান্নার মৃত্যু সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

 

আরও পড়ুন: আজও অমলিন নায়ক মান্না

 

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক হিরোসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মান্নার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করতে পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

 

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

 

আলোচনা সভা শেষে মান্নার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. দিদারুল আলম নিজামী এবং হাফেজ মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মান্না ভক্তরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন