মাদকের চালান হাতবদলের আগেই উপস্থিত র‌্যাব, অস্ত্রসহ আটক ৩

১ সপ্তাহে আগে
কক্সবাজারের টেকনাফে মাদকের বড় চালান হাতবদলের প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। র‍্যাবের দাবি, গ্রেফতাররা সীমান্ত এলাকা দিয়ে আসা বিপুল পরিমাণ মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করছিল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়ায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেফতাররা হলেন: মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

 

র‍্যাব জানায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে, এমন গোপন খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১৮ থেকে ২০ জন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই তিনজনকে গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, আট রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আরও পড়ুন: টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

 

র‍্যাবের এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক কারবারি এবং ঘটনার সময় একটি মাদকের চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।’

 

র‍্যাব আরও জানায়, পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা বা মাদক পাচারের সুযোগ না পায়, সেজন্য বিশেষ টহল জোরদার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দ অস্ত্র ও মালামালসহ গ্রেফতারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন