ভোটগ্রহণ কার্যক্রমে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নির্বাচন কর্মকর্তারা

২ সপ্তাহ আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা। ভোট কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেন তারা।

নির্বাচনে তাদের প্রত্যেকেরই দায়িত্ব বণ্টন করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। কমিশনের পদমর্যাদা অনুযায়ী সবচেয়ে উপরের পদ রিটার্নিং অফিসার। এরপর রয়েছেন যথাক্রমে সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার।


রিটার্নিং অফিসার

 

রিটার্নিং অফিসার হলেন একজন সরকারি কর্মকর্তা যাকে নির্বাচন কমিশনের অধীনে নির্দিষ্ট নির্বাচনী এলাকায় দায়িত্ব দেয়া হয়। তার প্রধান দায়িত্বসমূহ হলো:

  • নিজ এলাকায় আইন অনুযায়ী নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা।
  • প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র গ্রহণ এবং সেগুলোর বৈধতা আইনগতভাবে পরীক্ষা করা।
  • ভোটকেন্দ্র নির্ধারণসহ প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করা।
  • ভোট গণনা শেষে তদারকি করা এবং প্রাথমিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা।
  • নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সাধন করা।

 

আরও পড়ুন: পোস্টাল ব্যালট কীভাবে গণনা হবে?


প্রিসাইডিং অফিসার

 

প্রিসাইডিং অফিসারকে ভোট কেন্দ্রের সার্বিক তদারকি এবং পরিচালনার দায়িত্ব দেয়া হয়। তার প্রধান দায়িত্বসমূহ হলো:

  • ভোট কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করা।
  • ভোট গ্রহণ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা।
  • নিশ্চিত করা যে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
  • ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সের মুখ বন্ধ করা (সংরক্ষিত লক ব্যবহার করে)।

  •  

সহকারী প্রিসাইডিং অফিসার 

 

সহকারী প্রিজাইডিং অফিসার সাধারণত সরকারি কর্মকর্তা বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা হন, যারা ভোট কক্ষের কার্যক্রম তদারকি এবং পোলিং অফিসারদের সমন্বয় নিশ্চিত করেন। তার প্রধান দায়িত্বসমূহ হলো:

  • ভোট কক্ষের দায়িত্ব পালন করা।
  • পোলিং অফিসারদের মধ্যে সমন্বয় সাধন করা।
  • ভোটারদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যালট পেপার ইস্যু করা।

 

আরও পড়ুন: ভোট কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে যেভাবে মোকাবেলা করা হবে

 

পোলিং অফিসার

 

পোলিং অফিসার সেই কর্মকর্তা যিনি ভোটারের সঙ্গে সরাসরি কাজ করে ভোট গ্রহণ প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করেন। তার প্রধান দায়িত্বসমূহ হলো:

 

  • ভোটারের পরিচয় যাচাই করা।
  • ভোটার তালিকায় ভোটারের নাম নিশ্চিত করা।
  • ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করা যাতে একাধিকবার ভোট প্রদান প্রতিরোধ করা যায়।
  • ভোটগ্রহণ শেষে ভোটের ফলাফল প্রস্তুত করা।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট
 

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন। নির্বাচনে যে অনিয়ম হয়, সেগুলোর আইনগত দিক দেখার দায়িত্ব থাকে ম্যাজিস্ট্রেটদের।


বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটারদের নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, একটি ভোটই গণতন্ত্রকে শক্তিশালী করে। 

]]>
সম্পূর্ণ পড়ুন