ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিতে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে

১ দিন আগে
ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতকে বড় পুঁজি এনে দিলেন স্যাঞ্জু স্যামসন-ইশান কিশানরা। জিততে হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে হবে হ্যারি ব্রুকদের।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন স্যাঞ্জু স্যামসন। ইংলিশদের হয়ে ৪০ রান খরচায় ২ উইকেট নেন উইল জ্যাকস। ২ উইকেট নিতে ৪১ রান খরচ করেছেন আদিল রশিদ।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। সবশেষ ২০১৬ সালে এই ওয়াংখেড়েতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। যা ২০ ওভারের বিশ্ব আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ফাইনাল নিশ্চিত করতে হলে নিজেদের আগের সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে হবে ইংলিশদের। তবে ভারতের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে কাজটা মোটেও সহজ হবে না। ওভারপ্রতি তাদের তুলতে হবে ১২.৬৫ রান।

 

আরও পড়ুন: চারদিন ধরে হোটেলে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ, দেশে ফেরার আকুতি স্যামির

 

এর আগে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভারতের ব্যাটাররা। ৭ বলে ৯ রান করে অভিষেক শর্মা আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তুলতে থাকেন আরেক ওপেনার সাঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন ইশান কিশান। দুজনের ৯৭ রানের জুটি ভাঙে দশম ওভারে গিয়ে। ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন কিশান।

 

অন্যদিকে ১৫ রানে জীবন পাওয়া স্যামসন আউট হন দলীয় ১৬০ রানে। ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রান করেন তিনি। শুরুর ধারাবাহিকতা ধরে রাখেন ভারতের বাকি ব্যাটাররাও। ২৫ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪৩ রান করেন শিবাম দুবে। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ আর তিলক বার্মা ৭ বলে ৩ ছক্কায় ২১ রানের ক্যামিও ইনিংস উপহার দেন। তাতে সংগ্রহটা আড়াইশ পেরিয়ে যায়।

 

আরও পড়ুন:  শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

 

ইংলিশ বোলারদের সবাই এদিন বেশ খরুচে ছিলেন। জফরা আর্চার ৪ ওভারে দেন ৬১ রান, নেন ১টি উইকেট। স্যাম কারান ৪ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দলের অন্যদের তুলনায় সবচেয়ে কম রান দেওয়া উইল জ্যাকস ও আদিল রশিদের ইকোনমি ছিল ১০ ও ১০.২৫। বোলারদের ব্যর্থতার দিনে এখন কঠিন চ্যালেঞ্জটা পালন করতে হবে ব্যাটারদের। অন্যথায় বাড়ি ফেরার বিমান ধরতে হবে ইংলিশদের।

 

এ ম্যাচের জয়ী দল আগামী ৮ মার্চ আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন