ভারত ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা জিম্বাবুয়ের

৪ দিন আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর সেমিফাইনালের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভারত। পরের দুই ম্যাচে শুধু জিতলেই হবে না, নেট রান রেটের চাপও সামাল দিতে হবে তাদের। প্রতিপক্ষের সে চাপকে পুঁজি করে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে জিম্বাবুয়ে।

ভারতের বিপক্ষে নামার আগে জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, তারা একসঙ্গে গোটা ম্যাচের কথা ভাবছেন না। ভাবছেন ছোট ছোট লড়াইয়ের কথা। স্যামন্স বলেন, ‘একটা ম্যাচের মধ্যে অনেক ছোট ছোট ম্যাচ হয়। ব্যক্তিগত অনেকগুলো লড়াই চলে। বৃহস্পতিবারও হবে। সেগুলো আমাদের জিততে হবে। তা হলেই ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসবে।’

 

জিম্বাবুয়ে জানে, তাদের বিরুদ্ধে ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। সেটাই ভারতের শক্তি। সেই শক্তিকে দুর্বলতা বানাতে চায় তারা। স্যামন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো ভারতও আমাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে। ওরা চুপ করে থাকবে না। জানি আমাদের উপর চাপ থাকবে। কিন্তু তার মাঝেও আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করব। আক্রমণাত্মক খেলার একটা ঝুঁকি থাকে। সেটা আমাদের কাজে লাগাতে হবে। ওদের ছন্দ নষ্ট করার চেষ্টা করব।’

 

আরও পড়ুন: উইন্ডিজের বিশাল জয়ের পর সেমিফাইনাল খেলতে ভারতকে যা করতে হবে

 

চেন্নাইয়ের বড় মাঠ তাদের সাহায্য করবে বলেই জানিয়েছেন স্যামন্স। তিনি বলেন, ‘মুম্বাইয়ের থেকে চেন্নাইয়ের মাঠ আকারে বড়। ফলে ছক্কা মারা সহজ হবে না। আমাদের বোলারেরা কিছুটা ছাড় পাবে।’

 

তবে পাশাপাশি তাদের বুদ্ধি করে খেলতে হবে বলেও মনে করেন তিনি। স্যামন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের ধরে ফেলেছিল। সেটা করলে চলবে না। বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই পরিকল্পনা আমাদের তৈরি।’

 

চলতি বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছে তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভেঙে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং আক্রমণ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে কিছুটা হলেও চাপে থাকবেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। সেই চাপ কাজে লাগাতে চাইছে জিম্বাবুয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর আরও একটি বড় দলকে হারানোর পরিকল্পনা করছে তারা।

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক

 

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মুখোমুখি হবে ভারত-জিম্বাবুয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন