ব্রুকের সেঞ্চুরিতে সবার আগে সেমিতে ইংল্যান্ড, ঝুলে থাকলো পাকিস্তানের আশা

৪ দিন আগে
জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে যাবে ইংল্যান্ডের, আর সেমির পথে টিকে থাকতে হলে পাকিস্তানের সামনেও জয়ের বিকল্প ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ফিফটিতে কোনোমতে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাব দিতে নেমে ইংলিশরাও ভালো শুরু করতে পারেনি বটে, তবে এক প্রান্ত আগলে রেখে জয়ের নায়ক বনে গেলেন হ্যারি ব্রুক। দারুণ এক সেঞ্চুরিতে পাকিস্তানকে বিপদে ফেলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভালো শুরুর আভাস দিয়েও ব্যর্থ হন সাইম আইয়ুব। দলীয় ১৪ রানের মাথায় জোফরা আর্চারের বলে জ্যাকব বেথেলেও হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৭ রান করা বাঁহাতি এই ওপেনার।


ইনিংসের চতুর্থ ওভারে সালমান আলী আগার উইকেট তুলে নেন লিয়াম ডসন। পাকিস্তানের স্কোর তখন ২ উইকেটে ২৭ রান। তৃতীয় উইকেট জুটিতে শাহিবজাদা ফারহানের সঙ্গে দলের হাল ধরেন বাবর আজম। ধীরগতির ব্যাটিংয়ে খুব বেশি দূর এগোতে পারেননি এই ব্যাটার। দলীয় ৭৩ রানের মাথায় জেমি ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৫ রান। 

 

এরপর ফখর জামানকে নিয়ে কিছুদূর এগিয়েছেন ফারহান। দলীয় ১২২ রানের মাথায় জেমি ওভারটনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৪৫ বলে ৬৩ রান করা ফারহান। তারপর ফখর জামান ১৬ বলে ২৫ ও শাদাব খান ফেরেন ১১ বলে ২৩ রান করে। তা ছাড়া বাকিদের আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন নেন ৩ উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নিয়েছেন ২টি করে উইকেট। তা ছাড়া আদিল রশিদ নিয়েছেন ১টি উইকেট।  

 

আরও পড়ুন: ভারত ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা জিম্বাবুয়ের

 

১৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই টপ-অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে তারা। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে সাজঘরে ফেরেন। টম ব্যাটন্টনও খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ২ রান করেই ফেরেন সাজঘরে। 

 

এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান দলনেতা হ্যারি ব্রুক। তাকে সঙ্গ দেন স্যাম কারান ও উইল জ্যাকস। ১৬ রান করে আউট হন কারান। এদিকে মাত্র ৫০ বলে সেঞ্চুরি তুলে নেন ব্রুক। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংলিশরা। 

 

এছাড়া উইল জ্যাকস ২৮, জেমি ওভারটন শূন্য, লিয়াম ডসন ১ ও জোফরা আর্চার ৫ রান করেন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩ রান। ৫ বল হাতে রেখে ২ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। 

 

আরও পড়ুন: বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিলো আফগানিস্তান

 

এই জয়ে ইংল্যান্ডের পয়েন্ট হলো ২ ম্যাচে ৪। এমতাবস্থায় তাদের পেছনে ফেলতে পারবে না পাকিস্তান। কেননা দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ কেবল ১ পয়েন্ট। ফলে শেষ ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট। 

 

অন্যদিকে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাও একই সঙ্গে ইংল্যান্ডকে পেছনে ফেলতে পারবে না। কেননা নিউজিল্যান্ডের পয়েন্ট ১, শ্রীলঙ্কা শূন্য। আবার একে অপরের বিপক্ষেও মাঠে নামতে হবে তাদের। সে ম্যাচে এক দল জিতলে অন্য দলের পক্ষে ইংল্যান্ডকে পেছনে ফেলা সম্ভব হবে না। আবার ম্যাচটি ড্র হলে কিউইদের পয়েন্ট হবে ২, শ্রীলঙ্কার ১। এক্ষেত্রে শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। অন্যদিকে লঙ্কানরা অর্জন করতে পারবে কেবল ৩ পয়েন্ট। 

 

অন্যদিকে সেমিফাইনালের দৌড় থেকে একপ্রকার ছিটকেই গেছে পাকিস্তান। শেষ ম্যাচ যদি জিতেও তারা, তাহলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার দিকে। যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে হারে এবং লঙ্কানদের বিপক্ষে জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতে রানরেটে পেছনে ফেলতে হবে কিউইদের।

 

]]>
সম্পূর্ণ পড়ুন