বিশ্বকাপে ভরাডুবির শিকার অস্ট্রেলিয়া কি অ্যাশেজে বেশি গুরুত্ব দিয়েছিল, কোচ কী বললেন

২ সপ্তাহ আগে
গুরুত্বপূর্ণ সময়ে পা হড়কায় না। অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নিয়ে এমন একটা কথা সর্বজনবিদিত। একমাত্র দল হিসেবে ১০টি আইসিসি শিরোপা জয়ের পথে তারা অনেকবারই সে কথার প্রমাণ দিয়েছে। অনেকের দৃষ্টিতে চ্যাম্পিয়ন হতে না পারলেও মোটামুটি সন্তোষজনক একটা পারফরম্যান্স তারা করেই ফেলে!

সেই দলটিই কি না এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিল। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে অস্ট্রেলিয়া এর আগে বিদায় নিয়েছিল দেড় দশকের বেশি সময় আগে। এবার কেন এমন পারফরম্যান্স? বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আধিপত্য করে অ্যাশেজ জিতেছে। ইংল্যান্ডকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। বিশ্বকাপের ঠিক আগে আগে অ্যাশেজেই কি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল তারা?


এমন একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। এই প্রশ্ন উড়িয়ে দিয়েছেন তিনি। ৪৪ বছর বয়সি কোচ মনে করেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর প্রত্যাশা বেশি বলেই প্রতিক্রিয়া হিসেবে এমন গুঞ্জন ছড়িয়েছে।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে


ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা একটা সময়ে পুরোপুরি এই বিশ্বকাপেই মনোযোগ দিয়েছি। এটি আমাদের অগ্রাধিকারগুলোর একটি। আমি এমন একটা গুঞ্জন শুনছি যে বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় এসব কথা এসেছে এই প্রতিযোগিতাগুলোতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পারফরম্যান্সের প্রতিক্রিয়া হিসেবে।’


ম্যাকডোনাল্ড যোগ করেন, ‘আমরা ২০২১ সালে একবার জিতেছিলাম, এরপর থেকে ততটা সফল হইনি। আর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ওপর প্রত্যাশা সবসময়ই বেশি। তা যথার্থও। কিন্তু বসে থেকে এটা বলা যে আমরা অন্য ফরম্যাট বা খেলাটির অন্য সংস্করণকে অগ্রাধিকার দিচ্ছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে নয়। এটা পুরোপুরি ভুল।’

]]>
সম্পূর্ণ পড়ুন