বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে: তারেক রহমান

১ মাস আগে
বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজ করলে কৃষক ভাইরা সুবিধা পাবেন। সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ‘সমগ্র অঞ্চল ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যাতে করে ক্রাইসিস (সংকট) এলে বা শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাদের কষ্ট না থাকে। এই পদ্মা ব্যারেজ নির্মাণকাজে আমরা হাত দিতে চাই।’

 

পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই এলাকার অন্যতম একটি সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, কীভাবে নদী ভাঙনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে করে এই এলাকার মানুষের জমিজমা রক্ষা করা যায়।’

 

পাটশিল্প ও কৃষকদের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বৃহত্তর ফরিদপুর কৃষি এলাকা। এই এলাকায় পাটশিল্প আছে। পাটশিল্পকে যদি আমরা সহযোগিতা করতে পারি। একদিকে যেমন কৃষক সুবিধা পাবে, অন্যদিকে দেশকেও সামনে নিয়ে যেতে পারব। পাট রফতানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এছাড়া এই চরাঞ্চলে ভুট্টাচাষিদের পাশেও আমরা দাঁড়িয়ে সহযোগিতা করতে চাই।’

 

আরও পড়ুন: ফরিদপুর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তারেক রহমান

 

কৃষি ও শিল্প গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের যদি সমর্থন থাকে, তাহলে ইনশাআল্লাহ যেকোনো বড় কাজ করা সম্ভব হবে। ধানের শীষ যদি বিজয়ী হয়, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যে প্রতিশ্রুতিগুলো এবং আপনাদের দাবি উপস্থাপন করেছেন, সেসব বাস্তবায়নে হাত দিতে পারব।’

 

এর আগে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। দুপুর পৌনে ৩টায় জনসভায় যোগ দেন তারেক রহমান।

 

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার ১৫টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনসভায় পাঁচ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন